রাবিদ মাহমুদ চঞ্চল
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার মরিচ্চাপ নদী পুনঃখননে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরার মরিচ্চাপ নদীতে চলছে পুনঃখনন কাজ। ছবি : কালবেলা
সাতক্ষীরার মরিচ্চাপ নদী পুনঃখননে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ভৌগোলিকভাবে অবস্থান দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মরিচ্চাপ নদীর। এক সময়ের খরস্রোতা নদীটি কালের গর্বে হারিয়ে ফেলেছে তার যৌবন। পলি পড়ে ভরাট হতে হতে প্রাণহীন হয়ে গেছে। নদী ভরাটের কারণে এলাকাজুড়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সাধারণ মানুষ। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে গত বছর থেকে সরকারি অর্থায়নে শুরু হয়েছে নদী পুনঃখননের কাজ। কিন্তু এ খননে নানা অনিয়মের অভিযোগ তুলেছে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, পুনঃখননের ফলে নদীটি তার রূপ বদলে খালে রূপান্তরিত হচ্ছে। সে কারণেই স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, এভাবে খনন করা হলে কোটি কোটি টাকার সরকারি অর্থ ব্যয় হবে। কিন্তু জনসাধারণ কোনো সুফল ভোগ করতে পারবে না।

অপরদিকে গত বছর খননকাজ চলমান থাকায় উপজেলার অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। সে কারণে ওই এলাকাগুলো ছিল অনাবাদি। চলতি বছর মে মাসে কাজ শেষ করে নদী উন্মুক্ত করা না হলে আবারও পূর্বের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে দাবি স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির।

স্থানীয় গোয়ালডাঙ্গা গ্রাম ও মরিচ্চাপ নদী পাড়ের বাসিন্দা আনোয়ারা বেগম, আজিজুল ইসলাম ও আব্দুল হান্নান গাজীসহ একাধিক ব্যক্তির সঙ্গে আলাপকালে তারা বলেন, মূল নদীর ৭৫ শতাংশ বাদ দিয়ে খনন করা হচ্ছে।

তাছাড়া কোথাও কোথাও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ইচ্ছামতো খনন করছে এমন অভিযোগ করে তারা আরও বলেন, নদীর মাঝ বরাবর বাদ দিয়ে স্থানীয়দের বাড়িঘর ও কবরস্থান ভেঙে দিয়ে খনন করা হচ্ছে। সে কারণে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় আশাশুনি উপজেলা চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম বলেন, পাড় বাদে নদীর মূল অংশ ২০০ ফিট হবে। কোথাও কম হলে তা মেনে নেওয়া হবে না। আমার কাছে এখনো কেউ অভিযোগ করেনি। কোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই সরেজমিনে গিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের এক ইঞ্চি জমি যাতে অনাবাদি না থাকে সে কারণে নদী খননের জন্য বরাদ্দ দিয়েছেন। এ বরাদ্দকৃত টাকার কোনো কাজ নিয়ে নয়-ছয় করার কোনোপ্রকার অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী বলেন, মরিচ্চাপ নদী পুনঃখননে ডিজাইন করার সময় জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজকে বাদ রাখা হয়। ফলে নদীটিতে এখন নানা অনিয়ম ও ত্রুটি দেখা দিচ্ছে। সিএস রেকর্ড অনুযায়ী নদীটি যে প্রস্থ ছিল খনন কাজে তার অধিকাংশ বাদ দিয়ে ডিজাইন করা হয়েছে।

তিনি বলেন, এক সময়ের খরস্রোতা মরিচ্চাপ নদীতে বড় লঞ্চ ও স্টিমার চলত। তবে নদীটি পুনঃখননে অন্তত সিএস অনুযায়ী ৫০ শতাংশ প্রস্থ করে খনন করা হতো তাহলে অনেক উপকারে আসত।

তিনি আরও বলেন, মে মাসে সাধারণত আমাদের দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় সে কারণে সে সময়ের আগেই খনন কাজ শেষ করতে হবে। গত বছর নদী পুনঃখননের কাজ চলমান থাকায় বড়দল ও খাজরা ইউনিয়নে প্রায় ১০ হাজার বিঘা জমিতে আবাদ করা সম্ভব হয়নি। সে কারণে নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করার তাগিদ দেন তিনি।

নদী বাঁচাও আন্দোলন কমিটির নেতা অধ্যক্ষ আশেক ই-এলাহী বলেন, শুধু মরিচ্চাপ নদীই নয়, আদি যমুনা ও বেতনা নদীসহ জেলার সকল নদী ও খাল পুনঃখননে অনিয়ম করা হচ্ছে।

তিনি বলেন, সরকার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সাতক্ষীরার নদী ও খাল পুনঃখনন করছে তা পূরণ হবে না। কেবল কোটি কোটি টাকা নষ্ট হবে। কিন্তু জনগণের কোনো কাজে আসবে না।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, আশাশুনি উপজেলা সদর দিয়ে বয়ে যাওয়া মরিচ্চাপ নদীর মধ্যচাপড়ার খোলপেটুয়া নদীর সংযোগ থেকে শুরু হয়ে উপজেলার তেতুলিয়া বেতনা নদী সংযোগ পর্যন্ত ৫ দশমিক ৫০ কিলোমিটার পুনঃখননের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়। ৬৪টি জেলার অভ্যন্তরীণ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের অধীনে ১৬ কোটি টাকা ব্যয়ে এর কার্যক্রম হাতে নেওয়া হয়।

টেন্ডার অনুযায়ী প্রকল্পটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পটুয়াখালী জেলার এমএ জেভি। যার কার্যাদেশ দেওয়া হয় ২০২৩ সালের ৮ অক্টোবর। ওই কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ২০ জুনে শেষ করার কথা।

পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে আরও জানা গেছে, সিএস রেকর্ড অনুযায়ী আশাশুনির মরিচ্চাপ নদী ৬০০ ফুট কোথাও ৫৫০ ফুট প্রস্থ ছিল। কিন্তু প্রকল্পটির ডিজাইন অনুযায়ী মরিচ্চাপ নদী পুনঃখনন করা হচ্ছে ৯০ থেকে ১৮০ ফুট। যা গড়ে ৬৫ থেকে ৭০ শতাংশই বাদ দিয়ে পুনঃখনন হচ্ছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ জেভি’র স্বত্বাধিকারী মো. অলিউল্লাহ বলেন, পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন অনুযায়ী মরিচ্চাপ নদী পুনঃখনন করা হচ্ছে। এখানে ঠিকাদাদের কিছুই করার নেই। এলাকার লোকজন পক্ষে-বিপক্ষে অভিযোগ বা কথা বলবে এটাই স্বাভাবিক। তবে নদীটি খনন কাজে কোনো অনিয়ম করা হচ্ছে না। ইতিমধ্যেই প্রায় ৫০ শতাংশ খনন সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জুনেই কাজ শেষ হবে।

এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান বলেন, মরিচ্চাপ নদীর নাব্য ফিরিয়ে আনতে যে পরিমাণ পুনঃখনন করা দরকার সে অনুযায়ী প্রকল্পের ডিজাইন করা হয়েছে। তবে সিএস রেকর্ড অনুযায়ী নদীটির প্রস্থ কোথাও ৬০০ ফুট বা কোথাও ৫৫০ ফুট ছিল। একটি নদী পুনঃখনন করে পূর্বের স্থানে ফিরে আনা যায় না। সংশ্লিষ্ট ঠিকাদারকে খনন কাজ সঠিক সময়ে সিডিউল অনুযায়ী বুঝে দিতে হবে বলে জানান তিনি।

কোথাও কোথাও নদী খননের সিডিউল অনুসর করা হচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করছেন এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর জানান, পানি উন্নয়ন বোর্ডের সিডিউল ও ডিজাইন অনুযায়ী মরিচ্চাপ নদী পুনঃখনন করতে হবে। কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থ নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত তার কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে ধসে পড়ল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে বসে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী

সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

ডায়মন্ডের নেকলেস চুরির অভিযোগে দুই নারী রিমান্ডে

স্বপ্ন, সাহস ও সৃষ্টির অমর নাম নুরুল ইসলাম বাবুল

ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

রাতভর পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ

১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা, মিলবে যেদিন থেকে

ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ

অতিবৃষ্টি থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন মহানবী (সা.)

১০

জামিনে মুক্তির পর কারাফটকে যুবলীগ নেতা ফের গ্রেপ্তার

১১

গণঅভ্যুত্থানের বছর না পেরোতেই কেন নেপালের ‘জেন-জি’ আবার রাজপথে?  

১২

ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, নেই মেসি

১৩

শীর্ষ মেধাবীদের বৃত্তির জন্য রাবিকে ১০ লাখ টাকা দিলেন ভূমিমন্ত্রীর পরিবার

১৪

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে কৃষকের মৃত্যুদণ্ড

১৫

‘একতরফা চুক্তির দিন শেষ, যুক্তরাষ্ট্রকে এবার মূল্য পরিশোধ করতে হবে’

১৬

পরিবেশ রক্ষায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

১৭

রামমূর্তি নির্মাণ করতে চাওয়া সেই হরিদাস ৪ দিনের রিমান্ডে

১৮

ডিজিটাল স্বাস্থ্যসেবায় দ্রুত এগিয়ে যাচ্ছে ‘অল সমাধান’

১৯

আলোচিত রিফাত হত্যায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

২০
X