

আল্লাহ তাআলার সৃষ্টিজগত এক বিশাল রহস্যের আধার। আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা হলো, এই পৃথিবীতে মোট ‘১৮ হাজার মাখলুকাত’ বা সৃষ্টি রয়েছে। অনেক ওয়াজ-মাহফিল বা সাধারণ আলোচনায় এই সংখ্যাটি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, ইসলামি শরিয়াহ বা নির্ভরযোগ্য বর্ণনার আলোকে এই নির্দিষ্ট সংখ্যাটি কতটুকু সঠিক?
এ বিষয়ে স্পষ্ট সমাধান জানিয়েছেন ইসলামি স্কলার মুফতি শামছুদ্দোহা আশারাফি। কালবেলাকে তিনি বলেন, ‘মাখলুকাতের সংখ্যা প্রসঙ্গে কোনো একক বা সুনির্দিষ্ট সংখ্যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিভিন্ন বর্ণনায় এই সংখ্যা নিয়ে ভিন্নতা দেখা যায়। কোনো কোনো বর্ণনায় মাখলুকাতের সংখ্যা ১৮ হাজার বলা হয়েছে, আবার অন্য কিছু বর্ণনায় এই সংখ্যা ৪০ হাজার কিংবা ৮০ হাজার বলেও উল্লেখ পাওয়া যায়।’
একই কথা বলা হয়েছে ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারেও। এক বিশ্লেষণে তারা উল্লেখ করেছে, ‘‘১৮ হাজার মাখলুকাত’ কথাটি লোকমুখে এতই প্রসিদ্ধ যে, অনেকের কাছে তা কোরআন-হাদিসের বাণীর মতো স্বতঃসিদ্ধ। কিন্তু মাখলুকাতের এই নির্দিষ্ট সংখ্যা না কোরআনে আছে, না কোনো সহিহ হাদিসে। বাস্তবতা হলো, আল্লাহতাআলা অগণিত মাখলুক পয়দা করেছেন। জলে ও স্থলে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রজাতির মাখলুক আল্লাহর অসীম কুদরতের প্রমাণ। মানুষের জানার বাইরেও রয়েছে অসংখ্য মাখলুক। আল্লাহ তাআলা কত ধরনের মাখলুক সৃষ্টি করেছেন তার নির্দিষ্ট সংখ্যা সহিহ হাদীসে বলা হয়নি। একটি ‘মুনকার’ বর্ণনায় এর সংখ্যা ‘এক হাজার’ বলা হয়েছে। কিন্তু অনেক মুহাদ্দিস বর্ণনাটিকে মাওজু বা জাল বলে আখ্যা দিয়েছেন।’’ (আলমাওযূআত, ইবনুল জাওযী: ২/২১৬, আলফাওয়াইদুল মাজমুআ: পৃ. ৪৫৮-৪৫৯)
‘এছাড়া এই সংখ্যা সম্পর্কে কিছু মনীষীর উক্তিও রয়েছে। যেমন মারওয়ান ইবনুল হাকামের কথামতে সতের হাজার জগত রয়েছে। আর আবুল আলিয়ার অনুমান অনুযায়ী চৌদ্দ হাজার কিংবা আঠারো হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই বিভিন্ন সংখ্যা কিছু মনীষীর উক্তিমাত্র, হাদিস নয়।’
তাহলে সমাধান কী?
মুফতি শামছুদ্দোহা বলেন, মাখলুকাতের সংখ্যা নির্দিষ্ট করে ১৮ হাজার বলা কোনো অকাট্য ধর্মীয় বিধান নয়; বরং বিভিন্ন জায়গায় যে পরিসংখ্যানগুলো এসেছে, সেগুলো মূলত সৃষ্টির বিশালতা বা আধিক্য বোঝানোর জন্য বিভিন্ন বর্ণনার ওপর ভিত্তি করে এসেছে। এই কারণে এর কোনোটিকেই প্রমাণিত সত্য মনে করার কোনো কারণ নেই; বরং এ বিষয়ে ইবনে কাসির (রাহ.)-এর কথাটিই মূল কথা, আর তা হলো, هذا كلام غريب يحتاج مثل هذا إلى دليل صحيح
অর্থাৎ, এটি এমন একটি আজব কথা, যার জন্য বিশুদ্ধ দলীলের প্রয়োজন রয়েছে (তাফসিরে ইবনে কাসির: ১/২৬)। অতএব আঠারো হাজার নয়; বরং বলা উচিত যে, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক পয়দা করেছেন, যা আমরা গুণে ও হিসাব করে শেষ করতে পারব না।