

জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর মহাখালীর শহীদ তাজউদ্দিন সরণির ‘তশোফা ফিলিং স্টেশনকে’ চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
এতে বলা হয়, আজ মঙ্গলবার (২১ জুলাই) পরিচালিত বিএসটিআইয়ের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান। অভিযানে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ফিলিং স্টেশনটিকে ৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলোকে সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।
বিএসটিআই জানায়, অভিযানকালে তশোফা ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এ সময় একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম এবং ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মি.লি. ২২০ মি.লি. ও ১৯০ মি.লি. জ্বালানি কম দেওয়ার প্রমাণ মেলে। এই কারচুপির দায়ে জরিমানার পাশাপাশি চার ডিসপেন্সিং ইউনিটকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিএসটিআই।