

বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ বিশ্ব। জুলাইয়ের পুরোটা ফুটবলের মাঠ থাকবে উত্তপ্ত ভূমি। এরই মধ্যে গ্রীষ্মের ছুটি ঘিরে এই মাসে হলিউডে চলছে বহুল প্রতীক্ষিত সিনেমা মুক্তির আয়োজন। বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি, জনপ্রিয় তারকা এবং বৈচিত্র্যময় গল্পের কারণে ফুটবলের পাশাপাশি বক্স অফিসেও তীব্র প্রতিযোগিতা দেখা যেতে পারে। জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’র লাইভ-অ্যাকশন, মহাকাব্যিক ‘দ্য ওডিসি’ এবং মাসের শেষদিকে উন্মাদনা তুঙ্গে মার্ভেলের নতুন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ঘিরে। এর পাশাপাশি হরর ‘দ্য ইনভাইট’ ও ‘এভিল ডেড বার্ন’- সব মিলিয়ে জুলাই হতে যাচ্ছে হলিউড সিনেমাপ্রেমীদের জন্য দারুণ উত্তেজনার একটি মাস।
মোয়ানা
ডিজনির ২০১৬ সালের সুপারহিট অ্যানিমেশন ‘মোয়ানা’ এবার বড় পর্দায় ফিরছে লাইভ-অ্যাকশন মিউজিক্যাল হিসেবে। নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ক্যাথরিন লাগা’আইয়ার, আর জনপ্রিয় চরিত্র মাউই হয়ে ফিরছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। প্রশান্ত মহাসাগরের এক সাহসী কিশোরীর আত্মঅন্বেষণ, সমুদ্রযাত্রা এবং নিজের জনগোষ্ঠীকে রক্ষার লড়াই নতুনভাবে তুলে ধরা হবে এই ছবিতে। উন্নত ভিজ্যুয়াল, চেনা গান এবং আবেগঘন গল্পের কারণে সিনেমাটি দর্শকদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে।
দ্য ওডিসি
বিশাল পরিসরের প্রযোজনা, দুর্দান্ত ভিজ্যুয়াল এবং শক্তিশালী অভিনয়ের কারণে এ বছরের অন্যতম সেরা আকর্ষণ ‘দ্য ওডিসি’। প্রায় তিন হাজার বছর পুরোনো হোমারের বিখ্যাত গ্রিক মহাকাব্যকে নতুনভাবে বড় পর্দায় নিয়ে আসছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান। এতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, টম হল্যান্ডসহ একঝাঁক তারকা। ট্রয় যুদ্ধের পর ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল ঘরে ফেরার অভিযানের গল্পকে নোলানের নিজস্ব নির্মাণশৈলীতে তুলে ধরা হবে।
এভিল ডেড বার্ন
জনপ্রিয় ‘এভিল ডেড’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘এভিল ডেড বার্ন’-এর প্রযোজক স্যাম রাইমি এবং পরিচালক সেবাস্তিয়ান ভানিচেক। ২০২৩ সালে ‘ইভিল ডেড রাইজ’-এর সফল প্রত্যাবর্তনের পর নতুন সিনেমাটি ঘিরে ভক্তদের প্রত্যাশা অনেক বেশি। আগের মতোই ভয়ংকর অতিপ্রাকৃত শক্তি, রক্তাক্ত আতঙ্ক এবং বেঁচে থাকার মরিয়া সংগ্রামকে কেন্দ্র করেই এগোবে গল্প। হরর ঘরানার দর্শকদের জন্য এটি হতে পারে বছরের অন্যতম আলোচিত সিনেমা।
স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে
‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পর নতুন অধ্যায় শুরু হচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে। বিশ্বকাপ উত্তেজনার মধ্যেই ৩১ জুলাই প্রেক্ষাগৃহে আসবে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এমজে চরিত্রে দেখা যাবে জেনডায়াকে। ডেসটিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় এই সিনেমার চিত্রনাট্যে ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্সের সঙ্গে লিখেছেন টম হল্যান্ড নিজেও। রহস্যময় নতুন শত্রুর আবির্ভাব এবং শহরজুড়ে তৈরি হওয়া সংকট ছবিটির কাহিনিকে আরও রোমাঞ্চকর করে তুলবে।
দ্য ইনভাইট
স্প্যানিশ চলচ্চিত্র ‘দ্য পিপল আপস্টেয়ার্স’-এর রিমেক ‘দ্য ইনভাইট’ পরিচালনা ও অভিনয় করেছেন অলিভিয়া ওয়াইল্ড। একটি সাধারণ ডিনার পার্টি কীভাবে ধীরে ধীরে ভয়ংকর মানসিক টানাপোড়েন ও রহস্যে পরিণত হয়, সেটিই ছবির মূল আকর্ষণ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সেথ রোজেন, পেনিলোপে ক্রুজ এবং এডওয়ার্ড নর্টন। মনস্তাত্ত্বিক থ্রিলার ও সাসপেন্সধর্মী গল্প পছন্দ করা দর্শকদের জন্য এটি হতে পারে জুলাইয়ের অন্যতম আকর্ষণীয় সিনেমা।