

ঝুম বৃষ্টিও থামাতে পারেনি সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরে শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে তৈরি হয় উৎসবের আমেজ। কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা আগ থেকেই হাজারো দর্শক ভিড় করতে থাকেন ভেন্যুর সামনে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রবেশের অপেক্ষায় ছিলেন তারা।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিক থেকেই কনসার্ট ভেন্যুর আশপাশে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। কারও হাতে ছাতা, কেউ রেইনকোট পরে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। প্রতিকূল আবহাওয়া তাদের উৎসাহে কোনো ভাটা ফেলতে পারেনি। বরং প্রিয় শিল্পীকে একনজর দেখতে এবং তার কণ্ঠে সরাসরি গান শোনার অপেক্ষায় ছিল সবার চোখেমুখে উচ্ছ্বাস।
কনসার্টে আসা কয়েকজন দর্শক জানান, আতিফ আসলামের মতো শিল্পীর লাইভ পারফরম্যান্স দেখার সুযোগ বারবার আসে না। তাই বৃষ্টি কিংবা দীর্ঘ সময় অপেক্ষা তাদের কাছে কোনো বাধাই নয়।
খুলনা থেকে আসা এক দম্পতি বলেন, 'আমরা সাধারণত কোনো কনসার্টে যাই না। শুধু আতিফ আসলামের জন্যই এবার ঢাকায় এসেছি। ২০২৪ সালেও তার কনসার্টে এসেছিলাম। এবারও সেই আগ্রহ নিয়েই এসেছি।'
টিকিট সংগ্রহে কোনো সমস্যা হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে তারা বলেন, 'না, কোনো সমস্যা হয়নি। গতবার যখন আতিফ আসার কথা ছিল, তখনই আমরা টিকিট কেটেছিলাম। পরে কনসার্টটি অনুষ্ঠিত হয়নি। এবার সেই টিকিটই পুনরায় ব্যবহার করেছি।'
বৃষ্টির কথা মাথায় রেখে প্রস্তুতিও নিয়েছিলেন তারা। 'কনসার্ট উপভোগ করতে আমরা রেইনকোট সঙ্গে এনেছি,' যোগ করেন ওই দম্পতি।
এদিকে দর্শকদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ভেন্যুতে প্রবেশ নিশ্চিত করতে আয়োজন করা হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথে দায়িত্ব পালন করতে দেখা যায় আয়োজকদের স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। পুরো আয়োজনজুড়েই নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তারা ছিলেন তৎপর।