

জার্মানির শহরে যে দামে একটি ফ্ল্যাট কেনা যায়, সেই একই দামে বিক্রি হচ্ছে ১৫টি বাড়িসহ একটি ছোট্ট গ্রাম। তবে এর সঙ্গে রয়েছে একটি বড় আইনি জটিলতাও।
ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির থুরিঙ্গিয়া অঙ্গরাজ্যের কামসডর্ফ এলাকায় প্রায় ৩ লাখ ৯০ হাজার ইউরো দামে বিক্রির জন্য তোলা হয়েছে পুরো গ্রামটি।
২৪ হাজার বর্গমিটার জায়গাজুড়ে থাকা এই সম্পত্তিতে রয়েছে ১৫টি একতলা ভবন, প্রতিটির আয়তন প্রায় ১০০ বর্গমিটার। এছাড়া ৩০০ বর্গমিটারের একটি বড় ভবন রয়েছে, যেটা আগে ক্যান্টিন হিসেবে ব্যবহার করা হতো।
সম্পত্তির মালিক ফ্রানৎস এবারিশ জানিয়েছেন, তিনি শুধু জমি বিক্রি করতে চান না; এমন একজন ক্রেতা খুঁজছেন, যিনি জায়গাটিকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখবেন।
এই গ্রামটি ১৯৫৪-৯০ সাল পর্যন্ত পূর্ব জার্মানির সময় শিক্ষানবিশদের আবাসন এবং পরে অবকাশযাপন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। পরে দীর্ঘদিন এটি পরিত্যক্ত ছিল।
২০১৪ সালে জায়গাটি কিনে প্রকৃতির কাছাকাছি একটি আবাসিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেন এবারিশ। কিন্তু পরে জানা যায়, পরিকল্পনা আইনের কারণে সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া সহজ নয়।
জার্মান কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় জায়গাটির আগের আবাসিক মর্যাদা বাতিল হয়ে গেছে। ফলে সেখানে নতুন করে আবাসিক প্রকল্প গড়তে হলে বিশেষ অনুমোদন বা নতুন উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন হবে।
এবারিশের পরিকল্পনা হলো, এখানে ফিজিওথেরাপি, যোগব্যায়াম, প্রাকৃতিক চিকিৎসা ও পুনর্বাসন সেবাকেন্দ্র নিয়ে একটি স্বাস্থ্যগ্রাম গড়ে তোলা। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে তিনি প্রকল্পটি এগিয়ে নিতে পারছেন না।
এমনকি মজা করে তিনি টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের কাছেও প্রায় ১০ লাখ ইউরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বিনিময়ে নিজের আলপাকা খামারে মাস্ককে অবকাশ যাপনের আমন্ত্রণও দিয়েছেন।