

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক (সিএনই) মানিকুল আজাদের মা জোবেদা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২ মে) বিকেল ৫টার দিকে দিনাজপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জোবেদা বেগমের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার (৩ মে) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বাজার দেহা গ্রামের কবরস্থানে জানাজা শেষে মরহুমাকে দাফন করা হবে।
প্রত্যন্ত গ্রামে বসবাস করলেও জোবেদা বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা লাভ করেন। সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণ এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে পারিবারিক সূত্র জানায়।
এদিকে, মরহুমা জোবেদা বেগমের মৃত্যুতে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরীও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পৃথক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।