

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
জানা গেছে, পরিদর্শনের সময় ডা. রফিকুল ইসলাম অসুস্থ মুশফিকুল ফজল আনসারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
বর্তমানে মুশফিকুল ফজল আনসারী সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ জুন বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মুশফিকুল ফজল আনসারীকে জরুরি ভিত্তিতে সিএমএইচে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার হৃদরোগ শনাক্ত করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।