

দেশীয় প্রযুক্তিতে তৈরি দীর্ঘ-পাল্লার স্থল হামলায় সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ১৫ জুন (সোমবার) ওডিশা উপকূলের ড. এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে দীর্ঘ-পাল্লার স্থল হামলা ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করে।
এটিকে যুক্তরাষ্ট্রের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের দেশীয় সংস্করণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে এবং পূর্ববর্তী প্রকল্পগুলোর বেশ কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
ডিআরডিওর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির সব উপ-ব্যবস্থা দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। পরীক্ষার সময় ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, এটি আগে উন্নয়নাধীন থাকা নির্ভয় ক্রুজ ক্ষেপণাস্ত্র কর্মসূচির নতুন সংস্করণ। নতুন সংস্করণে পাল্ল ও লক্ষ্যভেদ সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নয়ন আনা হয়েছে।
ডিআরডিও জানিয়েছে, পরীক্ষার সব লক্ষ্য পূরণ হয়েছে এবং বিভিন্ন ট্র্যাকিং ব্যবস্থার তথ্য ক্ষেপণাস্ত্রটির সফল কার্যকারিতা নিশ্চিত করেছে।
প্রতিরক্ষাবিদদের মতে, নিম্ন উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের রাডার এড়িয়ে দীর্ঘ দূরত্বে নির্ভুল হামলা চালাতে পারে। এ কারণে আধুনিক যুদ্ধে এ ধরনের অস্ত্রের গুরুত্ব দ্রুত বাড়ছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সফল এই পরীক্ষার জন্য ডিআরডিও ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়েছেন।
সামরিক সূত্রগুলোর ধারণা, আগামী দুই বছরে আরও কয়েকটি উন্নয়নমূলক ও ব্যবহারকারী পর্যায়ের পরীক্ষা শেষে ক্ষেপণাস্ত্রটি ভারতীয় সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করা হতে পারে।
সূত্র : হিন্দুস্তান টাইমস