

মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারা দেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
এতে বলা হয়, শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারা দেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার (২০ জুন) বেলা ১১টায় রাজধানীসহ দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার স্বার্থে এ প্রতিবাদ কর্মসূচিতে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীসহ ধর্ম নির্বিশেষে সব শান্তিকামী নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কামনা করা হয় ওই বার্তায়।
উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা থেকে সমান্তরাল কর্মসূচি অনুষ্ঠিত হবে।