

মাজলুম জননেতা মওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত কুড়িগ্রাম জেলায় এক কৃষক সমাবেশের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় কুড়িগ্রাম সদরের টগরাই হাট হাইস্কুলে এক কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় কৃষক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উক্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান করেন এ সময় তিনি বলেন, ‘বিরোধীদলীয় বেশিরভাগ এমপি উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা রংপুর-কুড়িগ্রামে নেওয়া হয় নাই। সেই একই বৈষম্য আমরা দেখতে পারছি। প্রধানমন্ত্রী তিস্তা মহা-পরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন কিন্তু কোনো অর্জন নিয়ে আসতে পারেন নাই।’
সমাবেশে প্রধান বক্তা ছিলেন- সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কৃষকদের নিয়ে সম্মিলিতভাবে ভাবতে পারি নাই। আমাদের কৃষকেরা এখনো নিজেদের মতো প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করেন।
তিনি আরও বলেন, যখন তারা পণ্য বিক্রি করতে যান তখন বৈষম্যের স্বীকার হন, অধিকাংশ সময় তারা ন্যায্যমূল্য পান না। এই কৃষকদের সমস্যা থেকে উত্তরণের জন্য জাতীয় কৃষক শক্তি কাজ করবে।
সমাবেশটি কুড়িগ্রামের-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের ১০ হাজার কৃষক অংশগ্রহণ করেন।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তি ও এর অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সুধীসমাজ, পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-এমপি জাতীয় শ্রমিক শক্তির নিন্মোক্ত আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
এতে আহ্বায়কের দায়িত্বে সাঈদ উজ্জ্বল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি ও মো. আব্দুল আজিজ, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মজিবুর রহমান খোকন ও মো. রাকিবুল হাসান রানা, মুখ্য সংগঠক হিসেবে নফিউল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়।
এ সময় জাতীয় কৃষক শক্তির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের ঘোষণাপত্র পাঠ করেন।