

দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বহাল থাকবে কি না, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া উচিত বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, গাজী নজরুল যেহেতু জামায়াতের মনোনয়নে নির্বাচিত হয়েছেন এবং দল তাকে বহিষ্কার করেছে, তাই বিষয়টি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার সংসদ সদস্যপদ বহাল থাকবে কি না- এ বিষয়ে ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে দলের অবস্থান তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, দল থেকে বহিষ্কার করলে তখন উনার সদস্য পদের বিষয়টি ইসিকে দেখতে হবে। আমরা মনে করি- এই অবস্থায় ইসিকে অবহিত করা উচিৎ। যেহেতু আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। দলের পক্ষ থেকে উনি নমিনি ছিলেন, এবং নির্বাচন করে তিনি জয়ী হয়েছেন।
তিনি আরও বলেন, ইসির দায়িত্ব হচ্ছে উনারা পরবর্তী সিদ্ধান্ত সংসদকে জানাবেন, আমাদের জানাবেন।
গাজী নজরুল ইসলামের বহিষ্কারের পর তার সংসদ সদস্যপদ নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে বিভিন্ন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিলেও, জামায়াতের দাবি- বিষয়টি এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায়।
উল্লেখ্য, এমন বাস্তবতায় গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ বহাল থাকবে কি না, সে বিষয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সূত্র: ডয়েচে ভেলে