

জামায়াতে ইসলামী দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি।
তিনি বলেছেন, জামায়াত একটা সেক্যুলার (ধর্ম নিরপেক্ষ) দল, তারা কথাও বলে সেক্যুলারিজমের। জামায়াতের মধ্যে দ্বিমুখী নীতি আছে। তারা মানুষের কাছে বলে ইসলাম করবে, কিন্তু ইশতেহারে বলে শরিয়াহ আইন করবে না, ইসলামী হুকুমত করবে না। এরা দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কালবেলার সঙ্গে এক আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।
এর আগে একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জমিয়ত সভাপতি জানান, জামায়াত যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে সেজন্য তারা বিএনপিকে সমর্থন দিয়েছিলেন।
তিনি বলেন, বিএনপিকে সমর্থন দিয়েছি যেন জামায়াত এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে।
জামায়াতের ইসলাম নিয়ে কোনো আইডিয়া নেই উল্লেখ করে তিনি আরও বলেন, মওদুদী সাহেবের (সৈয়দ আবুল আলা মওদুদী) কয়েকটি বই-ই তাদের সর্বোচ্চ তহবিল। এখানে কোরআন, হাদিস, ফিকহ নেই। জামায়াতের যে যোগ্যতা, আওয়ামী লীগ ও বিএনপির একই যোগ্যতা। তাদের মধ্যে ইসলামের কোনো প্রোগ্রামই নেই, আমি সেখানে কেন যাব? যারা জামায়াতে গেছে, তারা ভুল-বোঝাবুঝিতে গেছে। অন্যথায় ধোঁকায় পড়ে তারা গেছে।