

আগামী বছরের (২০২৭) হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে সোমবার (২৭ জুলাই) থেকে। নিবন্ধন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ উপলক্ষে হজযাত্রীদের জন্য বয়স, স্বাস্থ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন শর্ত জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এ ছাড়া গুরুতর ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগে গুরুতর আক্রান্ত, স্নায়ুবিক বা মানসিক রোগী, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী হজে যেতে পারবেন না।
এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা হজযাত্রার জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বা বেসরকারি—যেকোনো মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে।