

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডের ৫ ক্রিকেটার। তাদের নিয়েই ঘোষণা করা হয়েছে ১৭ জনের বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড।
আজ রোববার সন্ধ্যায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাকির হাসান, জাকের আলি অনিক, ইয়াসির আলি চৌধুরিদের নিয়ে সাজানো স্কোয়াডে কোনো অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।
১৭ জনের দলে রাখা হয়েছে জিম্বাবুয়ে সফরের টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা ৫ ক্রিকেটার- অমিত হাসান, রবিউল হক, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরিকে। এই ম্যাচটি খেলেই জিম্বাবুয়ে সফরের দলে যোগ দেবেন তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী বুধবার (১৭ জুন) শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। একই মাঠে ২৪ জুন থেকে হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। ওই ম্যাচের স্কোয়াড পরে ঘোষণা করবে বিসিবি।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড :
মাহফিজুর ইসলাম রবিন, জাকির হাসান, অমিত হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরি, জাকের আলি অনিক, নাঈম হাসান, হাসান মুরাদ, রবিউল হক, মুশফিক হাসান, এনামুল হক, ইকবাল হোসেন ইমন, প্রিতম কুমার, নাঈম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি