

একসময় প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম ছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। সেই ইতিহাস ও সৌন্দর্যের অনুপ্রেরণায় এবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে গড়ে উঠেছে নতুন এক উদ্যান। এর নামকরণ করা হয়েছে ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’।
শহরের ব্যস্ত জীবনে একটু স্বস্তির নিশ্বাস ফেলার জায়গা করে দিতে প্রায় ৫৯ হাজার বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত হয়েছে এ পার্ক। এটির উদ্বোধন হয়েছে মঙ্গলবার। প্রায় ২০ মাসের নির্মাণকাজ শেষে সাধারণ মানুষের জন্য পার্কটি খুলে দেওয়া হয়েছে ।
পার্কে ঢুকলেই চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ ঘাসের চত্বর, ছায়াঘেরা হাঁটার পথ আর নান্দনিকভাবে সাজানো উন্মুক্ত স্থান। পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষ কিংবা বিকেলের অবসরে হাঁটতে বের হওয়া দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে শান্ত ও মনোরম পরিবেশ।
তবে পার্কটির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ৬৩ মিটার উঁচু পতাকাদণ্ড। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের কর্মকর্তাদের দাবি, এটি ইরাক ও কুর্দিস্তান অঞ্চলের সবচেয়ে উঁচু পতাকাদণ্ড। দূর থেকেই চোখে পড়ে আকাশ ছুঁতে চাওয়া এই বিশাল স্থাপনা, যা ইতোমধ্যে শহরের নতুন প্রতীক হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে।
আঙ্কাওয়া জেলা এবং এরবিল অ্যাভিনিউ এলাকার সংযোগস্থলে গড়ে ওঠা এই পার্কে রয়েছে তিনটি প্রধান প্রবেশপথ। দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে সর্পিলাকৃতির একটি পদচারী সেতু, ভূগর্ভস্থ চলাচলপথ এবং জনপ্রিয় প্যাডেল খেলার কোর্ট।
ইতিহাস ও সৌন্দর্যে গড়ে ওঠা এ উদ্যান এখন এরবিলের নতুন আকর্ষণে পরিণত হয়েছে।