

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ ফ্রান্স। আগুনের ঝুঁকিতে থাকা এলাকা থেকে অন্তত ৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকলকর্মী ও বিশেষ পানি ছিটানোর বিমান।
ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের সাঁ-মারি-লা-মের এলাকায় প্রথম আগুনের সূত্রপাত হয়। প্রবল বাতাসের কারণে তা দ্রুত পাশের কানেত-অঁ-রুসিওঁ এলাকায় ছড়িয়ে পড়ে।
পাইরেনিস-অরিয়েন্টালস অঞ্চলের প্রশাসন জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রায় ৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি স্থানীয় তিনটি ক্যাম্পসাইটে অবস্থান করা পর্যটক। আগুন নেভানোর সময় দুই দমকলকর্মী সামান্য আহত হয়েছেন।
বর্তমানে প্রায় ২০০ দমকলকর্মী, চারটি পানি বর্ষণকারী বিমান এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস জানিয়েছেন, বুধবার থেকে দেশের বিভিন্ন দাবানল মোকাবিলায় ১ হাজার ২০০-এর বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত জুনে ফ্রান্সে টানা ১১ দিন তাপপ্রবাহ চলেছে। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে বনাঞ্চল শুকিয়ে গিয়ে দাবানলের ঝুঁকি অনেক বেড়ে গেছে।
এদিকে দাবানল ও তাপপ্রবাহ মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবও উত্থাপন করেছে।