

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তি হলেও ইরান ও তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের লড়াই শেষ হয়নি। তিনি জানান, গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েল যে নিরাপত্তা অঞ্চল গড়ে তুলেছে, সেখানে সেনা মোতায়েন অব্যাহত থাকবে। খবর শাফাক নিউজের।
সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সামরিক অভিযানের কারণে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়েছে এবং দেশটির জন্য তাৎক্ষণিক হুমকি কমেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, চুক্তি থাকুক বা না থাকুক, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে নেতানিয়াহু বলেন, সব বিষয়ে তাদের মতের মিল নেই। তবুও তিনি ইসরায়েলের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকবেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক চুক্তি সম্পর্কে তিনি বলেন, এটি ওয়াশিংটনের উদ্যোগে হয়েছে। তবে ইসরায়েল নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। আগামী শুক্রবার এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
তবে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন, লেবানন-সংক্রান্ত চুক্তির শর্তে ইসরায়েল নিজেকে বাধ্য মনে করে না। হিজবুল্লাহর বিরুদ্ধে প্রয়োজন হলে ভবিষ্যতেও ইসরায়েল সামরিক পদক্ষেপ নেবে।