

মাত্র ছয় লাখের কিছু বেশি মানুষের একটি দেশ। আয়তনও বাংলাদেশের একটি ছোট জেলার চেয়ে বেশি নয়। অথচ সেই দেশই বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্র করতে বাধ্য করেছে। কেপ ভার্দের এই সাফল্যের পর দেশটি নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে।
আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটির সরকারি নাম রিপাবলিক অব কেপ ভার্দে। এটি ১০টি প্রধান দ্বীপ ও কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত। রাজধানীর নাম প্রাইয়া। সরকারি ভাষা পর্তুগিজ হলেও দেশটির অধিকাংশ মানুষ কাবোভার্দিয়ান ক্রেওল ভাষায় কথা বলেন।
পর্তুগালের উপনিবেশ থাকা কেপ ভার্দে ১৯৭৪ সালে স্বাধীনতা লাভ করে। দাস বাণিজ্যের ইতিহাস, সমুদ্রভিত্তিক অর্থনীতি এবং প্রবাসী জনগোষ্ঠীর কারণে দেশটির সংস্কৃতিতে আফ্রিকান ও ইউরোপীয় ঐতিহ্যের মিশেল দেখা যায়। বর্তমানে পর্যটন ও সেবা খাত দেশটির অর্থনীতির প্রধান চালিকাশক্তি।
ফুটবলেও কেপ ভার্দের গল্পটি ব্যতিক্রমী। ২০২৬ বিশ্বকাপই তাদের প্রথম বিশ্বকাপ। দলটির অনেক খেলোয়াড় ইউরোপের বিভিন্ন লিগে খেলেন এবং অনেকে দেশটির প্রবাসী সম্প্রদায় থেকে উঠে এসেছেন। কোচ বুবিস্তা বিশ্বকাপকে শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের কাছে নিজের দেশকে তুলে ধরার সুযোগ হিসেবে দেখছেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দে বুঝিয়ে দিয়েছে, ফুটবলে জনসংখ্যা বা ভৌগোলিক আয়তন সব সময় বড় বিষয় নয়। ছোট্ট এই দ্বীপরাষ্ট্র এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম।