

হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ নৌ চলাচল পুনরায় চালুর সম্ভাব্য চুক্তি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় এবার যোগ দিচ্ছে কাতার। শনিবার ওমানের রাজধানী মাসকাটে এ বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অ্যাক্সিওসের এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছিল, বৈঠকে হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় অবস্থিত কেন্দ্রীয় দ্বীপগুলোর মধ্য দিয়ে অবাধ নৌ চলাচল পুনরায় চালুর বিষয়ে একটি যৌথ বিবৃতিও আলোচনায় আসতে পারে।
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও জ্বালানি এই পথ দিয়ে পরিবহন হতো।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান প্রণালিতে নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করলে কার্যত এ পথের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরে গত ১৭ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের মাধ্যমে জাহাজ চলাচল পুনরায় শুরু করার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান নীতিগত সমঝোতায় পৌঁছায়।
তবে ইরান জানিয়েছে, যুদ্ধের আগের ব্যবস্থায় আর ফিরে যাওয়া হবে না। আগে যেখানে কোনো ফি ছাড়াই জাহাজ চলাচল করত, ভবিষ্যতের যে কোনো চুক্তিতে যুদ্ধ-পরবর্তী বাস্তবতা বিবেচনায় নিতে হবে।
ইতোমধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ট্রানজিট ফি আদায়ের প্রক্রিয়া শুরু করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র এ ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের সঙ্গে সমন্বয় করে ওমান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তাহলে কঠোর জবাব দেওয়া হবে। তার দাবি, এই নৌপথ সবার জন্য উন্মুক্ত থাকতে হবে এবং কোনো একক পক্ষের নিয়ন্ত্রণে যাওয়া উচিত নয়।