

যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে মার্কিন সামরিক সদস্য ও ঠিকাদারদের অবস্থান অনুসরণ করেছে ইরান। মঙ্গলবার (১৪ জুলাই) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটি মোবাইল সার্ভেইল্যান্স মনিটর নামের একটি গবেষণা প্রকল্পের টেলিযোগাযোগ-সংক্রান্ত তথ্য এবং বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, আন্তর্জাতিক রোমিং ব্যবস্থা এবং স্মার্টফোনভিত্তিক বিজ্ঞাপন প্রযুক্তির কারণে মার্কিন সামরিক সদস্যরা সহজেই নজরদারির শিকার হতে পারেন।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তাদের সন্দেহ, ইরান বা তাদের মিত্ররা স্থানীয় মোবাইল অপারেটরদের রোমিং চুক্তির সুযোগ কাজে লাগিয়ে মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো বাণিজ্যিকভাবে ব্যবহৃত বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্যভান্ডার ব্যবহার করে ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলে মোবাইল ফোনের অবস্থান অনুসরণ করেছে।
সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাবের জ্যেষ্ঠ গবেষক গ্যারি মিলার বলেন, ইরানের কাছে তাৎক্ষণিক ও ধারাবাহিকভাবে অবস্থান শনাক্ত করার সক্ষমতা রয়েছে। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অনুসরণে তারা এই প্রযুক্তি ব্যবহার করছে, এতে অবাক হওয়ার কিছু নেই।