

আগামী মাসে যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। তবে এই ঐতিহাসিক মাইলফলকের আগে পরিচালিত এক জরিপে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক মার্কিনি মনে করেন না যে দেশটি আরও ২৫০ বছর একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে।
রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্র আগামী ২৫০ বছরেও বর্তমান রূপে টিকে থাকবে না। এর মধ্যে ডেমোক্র্যাট সমর্থকদের ৪০ শতাংশ এবং রিপাবলিকানদের ২৬ শতাংশ একই মত প্রকাশ করেছেন। বিপরীতে, ৬২ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন দেশটি দীর্ঘমেয়াদে টিকে থাকবে।
জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ মার্কিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ব্যর্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যে এ হার ৮৫ শতাংশ, আর রিপাবলিকানদের মধ্যে ৫০ শতাংশ।
গত বছরের আগস্টে পরিচালিত একই ধরনের জরিপে গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ৫৭ শতাংশ উত্তরদাতা। এবার সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৬৭ শতাংশে। বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, আগামী পাঁচ বছরে রাজনৈতিক সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে।
জরিপে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে দেখার প্রবণতা আগের তুলনায় কমেছে। বর্তমানে মাত্র ৩০ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা দেশ বলে মনে করেন। ২০১৭ সালে এই হার ছিল ৩৮ শতাংশ। ডেমোক্র্যাটদের মধ্যে এ ধরনের বিশ্বাস ২৬ শতাংশ থেকে কমে ১১ শতাংশে নেমে এসেছে। তবে রিপাবলিকানদের মধ্যে এ হার প্রায় ৬০ শতাংশের কাছাকাছি স্থিতিশীল রয়েছে।
জরিপে অংশ নেওয়া অধিকাংশ মার্কিনি মনে করেন, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলো অতিরিক্ত রাজনৈতিক রূপ নিয়েছে।
ডেমোক্র্যাটদের প্রায় তিন-চতুর্থাংশ এবং রিপাবলিকানদের অর্ধেকেরও বেশি মনে করেন, জাতীয় উদযাপনগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।
এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের ধরন নিয়েও দুই দলের সমর্থকদের মধ্যে পার্থক্য দেখা গেছে। রিপাবলিকানদের ৫২ শতাংশ জাতীয় পতাকার রঙের পোশাক পরার পরিকল্পনা করেছেন, যেখানে ডেমোক্র্যাটদের মধ্যে এ হার মাত্র ২০ শতাংশ। একইভাবে আতশবাজির অনুষ্ঠান দেখতে যাওয়ার আগ্রহও রিপাবলিকানদের মধ্যে বেশি।
অনলাইনে পরিচালিত এই জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৫৩৭ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন।