

বাঙালি নববর্ষ অন্য রকমের নয়, অতিপ্রত্যুষের; সূর্য ওঠার আগের। একুশে ফেব্রুয়ারিও তা-ই ছিল, সে দিনটিরও সূচনা হতো প্রভাতফেরি দিয়ে; মধ্যরাতে একুশে ফেব্রুয়ারি উদযাপন শুরু হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। বাঙালিপনার দিক থেকে বিচার করলে রাত ১২টা ১ মিনিটে একুশে ফেব্রুয়ারি উদযাপন শুরু করাটা অপ্রত্যাশিত বটে। উদযাপনের এই নতুন পদ্ধতি থেকে বোঝা গেছে স্বাধীনতার পর স্বাধীন দেশের গতি কোন দিকে হবে পূর্বমুখী নাকি পশ্চিমমুখী। পূর্বে সকাল, পশ্চিমে মধ্যরাত। মধ্যরাতে একুশের উদযাপন যে কেমন ঝুঁকিপূর্ণ, বিশেষ করে মেয়েদের পক্ষে, সেটাও প্রমাণিত হয়েছে। কিন্তু পয়লা বৈশাখকে নিশ্চয়ই রাতের ব্যাপার করা যাবে না। থার্টিফার্স্ট নাইটকে যেমনভাবে করা হয়ে থাকে।
থার্টিফার্স্ট নাইটের সঙ্গে পয়লা বৈশাখের এ ব্যবধানটা একেবারে মৌলিক। সকালকে আমরা সকালেই চাই, গভীর রাতের অন্ধকারে নয়। উদযাপনের পদ্ধতিতেও পার্থক্য রয়েছে। পয়লা বৈশাখের গান আর ইংরেজি নববর্ষের গান কখনোই এক রকম হবে না। হওয়া সম্ভব নয়। লোকগুলোও আলাদা। পোশাক-পরিচ্ছদ তো বটেই। তবে এটা অবশ্য ঠিক যে, যারা থার্টিফার্স্ট নাইটের অন্ধকারকে আলোকিত করে আমোদ-আহ্লাদ করে থাকে, তাদের সকলের না হোক কারও কারও পিতামাতা এখনো পয়লা বৈশাখে কিছু দূর গাড়িতে গিয়ে কিছুটা পায়ে হেঁটে রমনা বটমূলে উপস্থিত হন। থার্টিফার্স্ট বেশ রহস্যময়, উদযাপনকারীদের মতোই। তুলনায় পয়লা বৈশাখ খোলামেলা।
তবে আশঙ্কা করাটা মোটেই অমূলক নয় যে, যতই দিন যাবে ততই আমরা অধিক মাত্রায় পশ্চিমমুখো হবো, আমরা মানে আমাদের মাথারা, তারাই তো সব। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের কথা এখন খুব ধুমধামে শোনা যাচ্ছে। কিন্তু চ্যালেঞ্জটা কি তা বলা হচ্ছে না। কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি এসবের কথা শুনি, কিন্তু আসল চ্যালেঞ্জটা যে অন্যকিছুর নয়, সরাসরি বাজারের সে-কথাটা শুনি না। বিশ্বায়ন অর্থ হচ্ছে বিশ্বের দিক থেকে বাজার দখল এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জটা হচ্ছে সেই বাজারের সর্বগ্রাসী প্লাবনের মুখে আক্রান্ত রাষ্ট্রগুলোর পক্ষে আত্মরক্ষা ও নিজের পায়ে দাঁড়ানো। নানান প্রচারণা ও প্রতারণার সাহায্যে এই সত্যটাকে অন্তরালবর্তী করার চেষ্টা চলছে।
তথাকথিত উন্নত বিশ্ব তাদের পণ্য আমাদের দেশে অবাধে পাঠাবে আকাশপথে, পণ্যের মাহাত্ম্য প্রচার করবে, দরকার থাকুক না-থাকুক আমরা বাধ্য হবো সেসব পণ্য কিনতে। আমাদের উৎপাদকরা প্রতিযোগিতায় টিকতে পারবে না, ক্রমান্বয়ে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা পরিণত হব ক্রেতায় ও দোকানদারে। আর আমাদের লোকেরা যাতে ওসব জিনিস কিনতে পারে তার জন্য ক্রয়ক্ষমতা বৃদ্ধির প্রয়াস অব্যাহত থাকবে। ম্যাক্রোক্রেডিট ও মাইক্রোক্রেডিট দুটোই আসবে। স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে সহযোগিতার অভাব ঘটবে না।
কেবল যে ভোগ্যপণ্য কেনা হবে তা নয়, সমরাস্ত্রও কেনা হতে থাকবে। বিশ্ব ব্যাংক যা চাইবে বাংলাদেশে তা-ই করবে। আমলারা চাকরি ও অন্যান্য সুবিধার লোভে বিশ্বব্যাংকে সন্তুষ্ট করতে ব্যস্ত থাকবেন।
বিদেশি পণ্য অবাধে আসছে, কিন্তু আসছে বৈধ পথে, তার চেয়েও অধিক পরিমাণে আসছে অবৈধ উপায়ে, চোরাচালানের মধ্য দিয়ে। সেইসঙ্গে আকাশপথে চলছে সাংস্কৃতিক আগ্রাসন। সামনে পুঁজিবাদী সংস্কৃতির যত বিকৃতি রয়েছে, যত আছে তার আবর্জনা সব এসে অনায়াসে ভর করছে আমাদের মনের ওপর। আমরা নিজের খরচায় এসব নোংরা ও ক্ষতিকর বস্তু নিয়ে আসছি। ভাবছি উপকার হচ্ছে। বিশ্বায়নের এও একটা পথ। বাজার দখল করবে, মগজও দখল করবে। বাজার ও মগজ দখলই এক প্রকারের, সেইসঙ্গে বাজার দখলকে চিরস্থায়ী করার পদ্ধতিও বটে।
উপায়টা তাহলে কী? কীভাবে বাঁচব আমরা বিশ্বায়নের এই আগ্রাসন থেকে? কী করে রক্ষা করব পয়লা বৈশাখের সকালকে, থার্টিফার্স্ট মিডনাইটের নিষ্ঠুর গ্রাস থেকে? জবাবটা নিহিত রয়েছে ওই শেষ প্রশ্নটির ভেতরেই। দাঁড়াতে হবে পয়লা বৈশাখের পক্ষে। দৃঢ়তার সঙ্গে এবং ঐক্যবদ্ধ অঙ্গীকারে।
তার মানে কি এই যে, আমরা বিশ্ববিমুখ হবো? পরিণত হব কুয়োর ব্যাঙে? না, মোটেও তা নয়। বিশ্বের যেখানে যা কিছু মহৎ আছে আমরা নেব। অবশ্যই নেব, কিন্তু নিতে হবে নিজের পায়ে দাঁড়িয়ে, বৃক্ষের মতো এবং বৃক্ষের আদর্শে; পরগাছার মতো নয়, তার আদর্শ অনুসরণ করেও নয়।
পয়লা বৈশাখের যে স্বাতন্ত্র্য ও নিজস্বতা একুশে ফেব্রুয়ারি তাকেই রক্ষা করতে চেয়েছে আন্দোলনের ভেতর দিয়ে। এবং ওই লক্ষ্য অর্জন করতে গিয়ে অনিবার্য করে তুলেছে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা। এই দেশ এখনো কতটা স্বাধীন সে নিয়ে প্রশ্ন তোলা অবশ্য অসংগত নয়। এবং অসংগত যে নয় তার অন্যসব প্রমাণের একটি হচ্ছে এই সত্য যে, পয়লা বৈশাখ এখনো সর্বজনীন হয়নি। বাঙালির নববর্ষ এখনো সব বাঙালির নয়। কেবল বিত্তবানদেরই, গরিবদের নয়। গরিব মানুষ চৈত্র-বৈশাখের আগমনে উৎফুল্ল হয় না। সকালে নবজীবন দেখে না, প্রচণ্ড রৌদ্রের আশঙ্কা দেখে, চৈত্রদিনে তারা যে সর্বনাশ দেখতে পায় সেটা প্রিয়ার চোখে নয়, প্রকৃতির চোখে বটে। বড় লোকদের যে অংশ ক্ষমতাধর তারা ইংরেজি নববর্ষই পালন করে। পয়লা বৈশাখ পালন করে না। সেটাও এই কথাটাই বলে দিচ্ছে যে, সাধারণ মানুষ রাষ্ট্রক্ষমতা থেকে অনেক অনেক দূরে, তারা পয়লা বৈশাখে নেই, থার্টিফার্স্ট যে কোথায় ঘটে, কোন আলোকিত অন্ধকারে, সে খবর তো তারা রাখেই না। স্বাধীনতা পূর্ণ হয়নি, মুক্তি তো আরও পরের কথা। অর্থনীতি পঙ্গু ও আবদ্ধ, সংস্কৃতি আগ্রাসন-কবলিত এবং সার্বিকভাবে ভবিষ্যৎ বেশ অন্ধকারাচ্ছন্ন; এই পরিবেশ পয়লা বৈশাখের সাতসকালে কোন বাণী নিয়ে আসে কে জানে।
বাণী অবশ্য আছে। সেটা রাষ্ট্রের কর্তাব্যক্তিরা যে বাণী দেবেন সেটা নয়, গণমাধ্যমে ও প্রচার মাধ্যমে যা হইচই করতে থাকবে তাও নয়, সেটি হচ্ছে এই যে, তোমরা আত্মসমর্পণ করো না, তোমরা রুখে দাঁড়াও এবং ঐক্যবদ্ধ হও। ঐক্য ছাড়া শক্তি নেই, ব্যক্তিগত উদ্যম বা বিদ্রোহে কাজ হবে না, সমষ্টিগত প্রচেষ্টা চাই।
এই কথাগুলো বাংলাভাষার যারা চর্চা করেছেন তারাও বলে গেছেন বিভিন্নভাবে, সুরে ও কণ্ঠে। সেইসব লেখকের কথা বলছি যারা আমাদের গর্ব। তাদের কারণে আমাদের মাতৃভাষা আজ এতটা পর্যন্ত আসতে পেরেছে। রামমোহন, বিদ্যাসাগর, জীবনানন্দ—এঁরা এক মাপের ছিলেন না, কিন্তু সকলেই মনীষী ছিলেন এবং ছিলেন পয়লা বৈশাখের পক্ষে। আধিপত্য মানেননি। অথচ লিখেছেন তারা ঔপনিবেশিক শাসনের প্রসারিত থাবার নিচে বসে।
আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের কথা বলি। গণতন্ত্রের একেবারে প্রাথমিক শর্ত হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার জন্য আমরা সংগ্রাম করেছি; কিন্তু সেটা যে অর্জন করতে পেরেছি তা বলতে পারব না। সাম্প্রদায়িকতা কমেছে, কিন্তু রাজনীতিতে ধর্মের ব্যবহার বরং বৃদ্ধি পেয়েছে, কমবার লক্ষণ নেই। পয়লা বৈশাখ সর্বপ্রথম যে কথাটা বলে, সে কথা ধর্মনিরপেক্ষতার। ব্যক্তির জীবনে ধর্ম আছে, থাকুক, কিন্তু সমষ্টিগত পরিচয়টা ধর্মের ভিত্তিতে হবে না, হবে মাতৃভাষার ভিত্তিতে। কথা তো এটাই।
পয়লা বৈশাখ ধর্মের ভেদাভেদ মানে না, শ্রেণির ভেদাভেদ যে মানে তাও নয়। কিন্তু আবার মানেও তো। বৈশাখের সাতসকালে গরিব মানুষ কোথায়? রমনা বটমূল তো তাদের জন্য বিস্তর দূর, তারা কোনো বটমূলেই নেই, মেলাতেও নয়। তারা ব্যস্ত রয়েছে হয় কাজে, নয়তো কাজের খোঁজে। আমাদের ধর্মীয় পার্বণে গরিব মানুষ আসে, এসে ভিক্ষা চায়, নিজেদের রোগ ও ক্ষতগুলোকে উন্মোচিত করে দেখায়, করুণার উদ্রেক হবে এই ভরসায়। পয়লা বৈশাখে তেমন কোনো অঘটন ঘটে না। তার কারণ একটাই, গরিব মানুষ এই উৎসব থেকে অনেক দূরে থাকে।
মানুষে মানুষে ঐক্য গড়ে ওঠেনি, কারণ বৈষম্যের পরিখা গভীর ও প্রশস্ত হচ্ছে একই সঙ্গে। ঠাট্টা করে এক বন্ধু সেদিন বললেন, দেশে ধনীর সংখ্যা ও তাদের ধনস্ফীতি এত বাড়ছে যে, অচিরেই তাদের আয়ের সঙ্গে গরিব মানুষের আয় যোগ করে জনসংখ্যা দিয়ে ভাগ করলে দেখা যাবে যে, মাথাপিছু আয়ের হিসাবে আমরা আর অনুন্নত নই। হয়তো তাই। কিন্তু তা দিয়ে তো বুঝা যাবে না যে, মানুষের অর্থনৈতিক মুক্তি এসে গেছে। ঠিক যেমনভাবে ‘এক মাথা এক ভোট’ নীতি চালু আছে বলেই বলার উপায় নেই যে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। এক মাথা এক ভোট পাকিস্তানের কবল থেকে বের হয়ে আসতে সাহায্য করেছে; কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে। কারণ ওই বৈষম্য। সেকালে বৈষম্য ছিল অঞ্চলের সঙ্গে অঞ্চলের, একালে ব্যক্তির সঙ্গে ব্যক্তির।
মূল কথাটা হচ্ছে বৈষম্য ভাঙা, পয়লা বৈশাখ ভাঙতে বলে, সম্প্রদায়ের পার্থক্য তো বটেই, শ্রেণিগত অসাম্যও। পয়লা বৈশাখ প্রকৃত গণতন্ত্র চায়, ইংরেজি নববর্ষের সঙ্গে এখানে তার মৌলিক তফাত।
লেখক: ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়