

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মিজানুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার (১২ জুন) ভোর পৌনে ৩টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মিজানুর রহমান সীতাকুণ্ড পৌরসভার পেশকার পাড়া এলাকার মৃত আপলাতুন ইসলামের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য মরণব্যাধি লিভার ক্যানসারে ভুগছিলেন। তিনি উপজেলার পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন ও চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, তিনি শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
এছাড়াও তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানায়।