শাহনেওয়াজ খান সুমন
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৬, ০৮:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকা দক্ষিণ সিটিতে একাই তিন পদে প্রভাবশালী মনোয়ার হোসেন

যখন যেখানে গেছেন জড়িয়েছেন বিতর্কে
ঢাকা দক্ষিণ সিটিতে একাই তিন পদে প্রভাবশালী মনোয়ার হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিরীক্ষা কর্মকর্তা পদে দুই মাস আগে যোগদান করেছেন মো. মনোয়ার হোসেন। বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা একই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সংস্থাটির প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তার পদ বাগিয়ে নিয়েছেন। এখন তিনি ওই তিনটি পদে এককভাবে প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে করপোরেশনে টেন্ডার বাণিজ্য, নিয়োগ ও বদলি বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মনোয়ার হোসেন চাকরি করছেন ১০ বছর। তিনি কখনো জনপ্রতিনিধিকে থাপ্পড় মেরে প্রত্যাহার হয়েছেন; আবার কখনো অনিয়ম-দুর্নীতির দায়ে। তার প্রতিটি কর্মস্থলে শাস্তিমূলক প্রত্যাহার বা বদলিতে আনন্দ মিছিল করেছেন এলাকাবাসী। কিন্তু তারপরও এ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কমেনি। মনোয়ার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর আবেদন করেছেন এক ভুক্তভোগী।

ডিএসসিসির কর্মকর্তাদের অভিযোগ, করপোরেশনের তিনটি পদ ভাগিয়ে নেওয়ার পর নগর ভবনে মনোয়ার হোসেনের দৌরাত্ম্য বেড়েছে। তিনি বর্তমানে নগর ভবনে এককভাবে প্রভাব বিস্তার করছেন। করপোরেশনের যে কোনো দরপত্রে পছন্দের লোক নিয়োগ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি জড়িয়ে পড়েছেন। সংস্থাটির কেউ তার কাজে আপত্তি বা বাধা দিলে তাকে বদলি-চাকরিচ্যুতসহ নানাভাবে হয়রানি শুরু করেছেন। এ ছাড়া করপোরেশনের বিভিন্ন বিভাগে বদলিতে প্রভাব বিস্তার করছেন। মনোয়ার হোসেন আওয়ামী লীগ শাসনামলেও নানা অনিয়ম-দুর্নীতি করে পার পেয়ে যান।

মনোয়ার হোসেনের বিরুদ্ধে যত অভিযোগ: ২০১৭ সালে সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে চাকরি শুরু করেন মনোয়ার হোসেন। এরপর সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন। এর মধ্যে গোপালগঞ্জ সদর ও কিশোরগঞ্জের ইটনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০২২ সালে বাগেরহাটের ফকিরহাটে ইউএনও থাকাকালে মনোয়ার হোসেনের অনিয়ম-দুর্নীতি ও দৌরাত্ম্য সামনে আসতে শুরু করে। তখন তিনি ওই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে থাপ্পড় মেরে প্রত্যাহার হয়েছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভাগীয় মামলার তদন্তে এ ঘটনার সত্যতাও মেলে। তবে শেষ পর্যন্ত তাকে কোনো শাস্তি ভোগ করতে হয়নি। তার শাস্তি না হওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘নবীন কর্মকর্তা হিসেবে তিনি ক্ষমা প্রার্থনা করে অঙ্গীকার করেন, ভবিষ্যতে নিজের আচরণ সংযত রেখে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি বিভাগীয় মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।’ প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘নবীন কর্মকর্তা হিসেবে ক্ষমা প্রার্থনা করায় তাকে বিভাগীয় মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হলো।’

২০২৩ সালের জুনে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে ছিলেন মনোয়ার হোসেন। তখন তার বিরুদ্ধে সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর বরাবর অভিযোগ করেছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী। ওই অভিযোগে বলা হয়, মনোয়ার হোসেন জেলা পরিষদে যোগদানের পর পরিষদকে অকার্যকর করাসহ সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিভাজন সৃষ্টির কাজে লিপ্ত। ওই কর্মকর্তা পদে থাকলে পরিষদে ভাবমূর্তিসহ সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হবে। তাই তাকে অন্যত্র বদলি করা উচিত।

২০২৪ সালের জুন মাসে মনোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জেলা পরিষদ শাখায় অভিযোগ দেন চাঁদপুরের বোরহান উদ্দিন বাহার নামে এক ব্যক্তি। ওই অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দেন উপসচিব মাহবুবা আইরিন। চাঁদপুর জেলা দুদকের কর্মকর্তারা ওই অভিযোগ তদন্ত করছেন।

২০২৫ সালের মে মাসে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগদান করেন মনোয়ার হোসেন। এ পদে তিনি সেপ্টেম্বর পর্যন্ত মাত্র চার মাস দায়িত্বে ছিলেন। তখন ১৫ অক্টোবর মনোয়ার হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে শতকোটি টাকার মালিক ও সম্পত্তি অর্জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন এক ভুক্তভোগী।

ওই অভিযোগে বলা হয়, মনোয়ার হোসেন সরকারি চাকরিতে যোগদানের পর থেকে অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি-সংক্রান্ত অনিয়ম, খাস জমি বন্দোবস্ত ও অন্যান্য কার্যক্রমে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ গড়ে তোলেন। চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ ও প্রধান সহকারী মো. মুজিবুর রহমানের সহযোগিতায় বিভিন্ন খাতে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া প্রশিক্ষণ, সম্পত্তি রক্ষণাবেক্ষণ, প্রকাশনা, ক্রীড়া সামগ্রী ক্রয়, আপ্যায়ন এবং ডেঙ্গু পরীক্ষার কিট কেনাসহ বিভিন্ন খাতে বিপুল অঙ্কের অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জেলা পরিষদের জায়গায় অনুমোদন ছাড়াই দোকান নির্মাণের সুযোগ দেওয়ার নামে কয়েকজনের কাছ থেকে অর্থ নিয়েছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের জুন থেকে আগস্ট মাসের মধ্যে ভুয়া বিলের মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি জেলা পরিষদের নথিপত্র ও বিল-ভাউচার যাচাই করলেই উদ্ঘাটন করা সম্ভব হবে। চাকরিজীবনে দুর্নীতির টাকা দিয়ে রাজধানীর পরিবাগে একটি বহুতল বাড়ি, ধানমন্ডিতে ফ্ল্যাট, বসুন্ধরা ও পূর্বাচলে প্লট, বিলাসবহুল গাড়ি, সঞ্চয়পত্র এবং স্ত্রীর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান, পঞ্চগড়ে একটি বাংলো বাড়ি নির্মাণ করেছেন।

জানতে চাইলে দুদকে অভিযোগকারী বোরহান উদ্দিন বাহার বলেন, ‘মনোয়ার হোসেন তার সবশেষ কর্মস্থল নরসিংদীতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা টিআর প্রকল্পের ৪১ লাখ টাকা পৌর এলাকায় বিভিন্ন ধরনের ভুয়া ও আজগুবি প্রকল্প দেখিয়ে পুরো টাকা উঠিয়ে আত্মসাৎ করেছেন। সরকারের এ দুর্নীতিবাজ কর্মকর্তার অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ সম্পদের সুষ্ঠু তদন্তসাপেক্ষে শাস্তির দাবি করছি।’

নগর ভবনে মনোয়ার হোসেনের দৌরাত্ম্য: গত ২ এপ্রিল মনোয়ার হোসেনকে নরসিংদী থেকে ডিএসসিসির নিরীক্ষা কর্মকর্তা পদে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৬ এপ্রিল তার বদলি কার্যকরে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। একই দিন মনোয়ার হোসেনকে নিজ দায়িত্বসহ প্রশাসকের একান্ত সচিব পদে অতিরিক্ত দায়িত্ব দিয়ে দপ্তর আদেশ জারি করে ডিএসসিসি। পরে ১৪ মে মনোয়ার হোসেনকে ফের নিজ দায়িত্বসহ আইন কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্ব দিয়ে দপ্তর আদেশ জারি করেন ডিএসসিসির সচিব দপ্তর। একই দপ্তর আদেশে প্রশাসকের সাবেক একান্ত সচিবের অতিরিক্ত দায়িত্ব থেকে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমানকে অব্যাহতি দেওয়া হয়।

যদিও ডিএসসিসির নিরীক্ষা বিভাগের নিরীক্ষা কর্মকর্তা পদে বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ক্যাডার বাধ্যকতা রয়েছে। এ কারণে গত ১৭ নভেম্বর বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তা চেয়ে চিঠি দিয়েছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।

ডিএসসিসির ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা বলেন, ডিএসসিসির প্রশাসক আবদুস সালামের পিএস পদে দায়িত্ব পেয়ে আবার আগের কর্মস্থলের মতো বেপরোয়া হয়ে ওঠেন মনোয়ার হোসেন। করপোরেশনে টেন্ডার বাণিজ্য, নিয়োগ ও বদলি বাণিজ্যসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন। এখন সবসময় প্রশাসক আবদুস সালামকে তোষামোদ করেন। ফলে করপোরেশনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসকের কাছে যাওয়ার সুযোগ পান না। এতে করপোরেশনের কর্মকর্তাদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

ডিএসসিসির আরেক কর্মকর্তা বলেন, মনোয়ার হোসেন করপোরেশনে প্রশাসকের পিএস দায়িত্ব নেওয়ার পর থেকে একক কর্তৃত্ব করার চেষ্টা করছেন। যাকে তার বাধা মনে হয় বা হবে, তাকেই পদ থেকে সরিয়ে দিচ্ছেন। এতে করপোরেশনে কর্মকর্তাদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হলেও করপোরেশনের নিরীক্ষা কর্মকর্তা পদে যোগদান করেছেন। অথচ এই পদের যোগ্যতা বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের। আর আইন কর্মকর্তা পদ সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা থাকার কথা। কিছুই তিনি মানছেন না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির নিরীক্ষা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন কালবেলাকে বলেন, ‘আমি সিটি করপোরেশনের তিনটি পদে দায়িত্বে থাকলেও মূলত নিরীক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছি। কিন্তু কাউকে বদলি ও কমিশনে টেন্ডার দেওয়া এসব করিনি। কেউ আমার পেছনে লেগেছে এটা বোঝা যাচ্ছে। যারাই এসব বলছে, ঠিক বলেনি।’

সরকারি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও দুদকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে বলেন, ‘অফিসে আইসেন কথা বলব। আমি কোনো অনিয়ম করে টাকা আত্মসাৎ করিনি। এসব মিথ্যা কথা। ’

একান্ত সচিবের বিরুদ্ধে ওঠা অনিয়মের বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম কালবেলাকে বলেন, ‘সংশ্লিষ্ট কর্মকর্তা দুই মাস আগে সিটি করপোরেশনে যোগদান করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X