

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘মহান আল্লাহ আমার ভাগ্যে ধানের শীষের মনোনয়ন রেখেছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। তাই ষড়যন্ত্র পরিহার করুন।’ গতকাল শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা ভূঁইয়া সিটি মাঠে সবাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘মনোনয়ন চাওয়া দোষের কিছু নয়। মনোনয়ন যে কেউ চাইতেই পারে। তবে যে সাতজন দল ও ধানের শীষের বিরুদ্ধে একজোট হয়ে ষড়যন্ত্র করছেন, তাদের মধ্যে অনেকের দলীয় প্রাথমিক সদস্যপদও নেই।’ ষড়যন্ত্র পরিহার করে দলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার আনুরোধ জানান তিনি। মান্নান বলেন, ‘আজ যারা ষড়যন্ত্র করছেন, যদি তাদের মধ্য থেকে কেউ মনোনয়ন পেতেন, তাহলে আমি তাদের সঙ্গে ধানের শীষের পক্ষে ভোট চাইতাম। কখনো দল ও ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না।’ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, সদর উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম প্রমুখ।