

নারায়ণগঞ্জের বন্দরে অভাবের তাড়নায় এক মা তার নবজাতক কন্যাকে প্লাস্টিকের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেছেন। তবে স্থানীয়দের তৎপরতায় নবজাতকটিকে জীবিত উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে গত বুধবার রাত ২টার দিকে বক্তারকান্দীর মোজাম্মেল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে গৃহবধূ রাহেনা বেগমের ওই নবজাতকের জন্ম হয়। পরে বৃহস্পতিবার সকালে নবজাতকটিকে প্লাস্টিকের ব্যাগে ভরে নদীতে ফেলে দেন তিনি। এ সময় ঘটনাটি দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত ব্যাগটি থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আরিফ তালুকদার ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
জানা গেছে, রাহেনা বেগমের স্বামী আব্দুল মালেক শারীরিক প্রতিবন্ধী হলেও পেশায় রিকশাচালক। তাদের তিনটি সন্তান রয়েছে। এক সপ্তাহ আগে তারা বক্তারকান্দীতে ভাড়া বাসায় ওঠেন। দীর্ঘদিনের আর্থিক সংকটের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।