

বিজ্ঞাপনচিত্রে কাজের চুক্তির কথা বলে ডেকে নিয়ে হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী (ইসরাত জাহান)। তার অভিযোগের তীর আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার দিকে। এ ঘটনায় গত রোববার দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগে স্নিগ্ধা দাবি করেন, গত শুক্রবার বিজ্ঞাপনের চুক্তি চূড়ান্ত করার কথা বলে তাকে খিলক্ষেতে অবস্থিত আশিয়ান মেডিকেল কলেজের কার্যালয়ে ডাকা হয়। সেখানে পৌঁছানোর পর তাকে অন্য একজন নারী ভেবে মারধর করা হয়। একপর্যায়ে নজরুল ইসলাম ভূঁইয়া তার দিকে শটগান তাক করেন, হাত-পা বেঁধে গলা চেপে ধরেন এবং কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় চুল ধরে টানাহেঁচড়াও করা হয় বলে তার ভাষ্য।
স্নিগ্ধার দাবি, ঘটনার কারণ জানতে চাইলে তাকে ‘জেবা টাকিয়া’ ভেবে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। তিনি বারবার নিজের পরিচয় জানালেও তা বিশ্বাস করা হয়নি। অভিযোগে আরও বলা হয়েছে, তার মুখ চেপে ধরে জোর করে নেশাজাতীয় দ্রব্য পান করানো হয়। পরে অভিযুক্ত ব্যক্তি অন্য কক্ষে গেলে রাত সাড়ে ১১টার দিকে সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন বলে জানিয়েছেন।
এদিকে সোমবার বিকেলে বনানীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন স্নিগ্ধা চৌধুরী। সাংবাদিকদের সামনে নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, বিচার না পেলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন এবং মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের নাম লিখে রেখে যাবেন।