

কীর্তিমানের মৃত্যু নেই—বহুল প্রচলিত এ প্রবাদ বাক্য ক্লিশে হলেও পেলে কিংবা দিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রে এটি কখনো পুরোনো হবে না। মৃত্যুর তিন থেকে চার বছর পেরিয়ে গেলেও বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে তারা এখনো অমর। এবার ব্রাজিল কিংবদন্তি পেলের প্রথম বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে উঠতে যাচ্ছে, যার সম্ভাব্য দাম হতে পারে ৭০ কোটি টাকার বেশি।
পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের সেই জার্সি নিলামে উঠছে বলে জানিয়েছে নিলাম পরিচালনাকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান সথবি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রয়াত ব্রাজিল কিংবদন্তির প্রথম বিশ্বকাপ জয়ের জার্সিটির দাম ৬০ লাখ ডলারের বেশি উঠতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ কোটি ৭৪ লাখ টাকা। আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে এ স্মরণীয় নিলাম।
১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপ জেতেন পেলে। সথেবিসের তথ্য অনুযায়ী, ব্রাজিল কিংবদন্তি তার প্রথম বিশ্বকাপ জয়ের এ জার্সিটি সতীর্থ ও প্রিয় বন্ধু দিদাকে উপহার দিয়েছিলেন। দিদার পরিবার বহু বছর ধরে পরম মমতায় এটি সংরক্ষণ করে রেখেছিল। পরবর্তী সময়ে এটি একটি জাদুঘরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং ২০০৪ সালে প্রথমবার নিলামে তোলা হয়েছিল।
সথেবিসের বিশেষ ‘দ্য বিউটিফুল গেম’ নামক এ নিলামে পেলের জার্সি ছাড়াও ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার ব্যবহৃত বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ম্যাচের আর্মব্যান্ড ও লিওনেল মেসির ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রয়েছে। নিলামে থাকা এ ঐতিহাসিক সামগ্রীগুলোর একটি উন্মুক্ত প্রদর্শনী আগামী ১ জুলাই নিউইয়র্ক সিটির সথবির ব্রিউয়ার বিল্ডিংয়ে অনুষ্ঠিত হবে।
ব্রাজিলের সেলেসাও জার্সিতে ৯২ ম্যাচে ৭৭টি গোল করেন পেলে, পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪১টি গোলে। এর মধ্যে ফুটবল বিশ্বকাপে মাত্র ১৪ ম্যাচে তার পা থেকে আসে ১২টি গোল। ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ে তিনি অসাধারণ অবদান রেখেছিলেন। সেবার টুর্নামেন্টে ৬টি গোলের পাশাপাশি তার ছিল ১টি অ্যাসিস্ট; যার মধ্যে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত হ্যাটট্রিক এবং সতীর্থদের দিয়ে একটি গোল করিয়েছিলেন। এরপর ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দেন এই বিস্ময়বালক।
পেলের প্রকৃত নাম ছিল এদসন আরান্তেস দো নাসিমন্তো। তার দেখানো পথেই ব্রাজিল পরবর্তী সময়ে জিতেছে রেকর্ড পাঁচ-পাঁচটি বিশ্বকাপ, যার মধ্যে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০০২ সালে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে রেকর্ড তিনবার বিশ্বকাপ জিতেছিলেন ব্রাজিলের এই প্রয়াত কিংবদন্তি। ২০২২ সালের ২৯ ডিসেম্বর কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে তিনি চলে যান না ফেরার দেশে। এবার ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই চলবে তার জার্সির এই মহানিলাম। ব্রাজিলের প্রয়াত কিংবদন্তির নিলাম শেষ হওয়ার ঠিক তিন দিন পর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মেগা ফাইনাল।
পেলের আগে না ফেরার দেশে চলে যান ফুটবলের আরেক বরপুত্র দিয়েগো ম্যারাডোনা। ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন আর্জেন্টাইন এই জাদুকর। তার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ জার্সিটি ২০২২ সালে ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৪ কোটি ১৫ লাখ টাকা।
ফুটবল সম্রাট পেলেকে ছাড়া এবারই প্রথম হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে বিশাল পরিসরে হচ্ছে এ আসর, যেখানে আর্জেন্টিনা নামবে তাদের বিশ্বসেরার শিরোপা ধরে রাখার অভিযানে।