

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পোস্ট অপারেটিভ রুমের এসি এক ঘণ্টা বন্ধ রাখায় ছয় শিশু অসুস্থ হয়ে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
খবর পেয়ে বুধবার (২৮ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ছয় নবজাতক শিশুসহ ১১ জন মা পোস্ট অপারেটিভ রুমে অবস্থান করছিল। ঠান্ডা অনুভূত হওয়ায় এসি বন্ধ রাখতে অনুরোধ করেন এক মা। নার্স এক ঘণ্টার মতো এসি বন্ধ রাখে।
তিনি আরও বলেন, গরম লাগলে এসি চালু করতে বললে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি চার শিশুও অসুস্থ হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যু হয়।
ডিএমপি কমিশনার বলেন, এখানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে। আলামত সংগ্রহ করছে। বিস্তারিত পরে জানানো হবে।