

এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারের এ সভায় ব্যাংকের ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ ৭টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন।
সভায় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আইয়ুব, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার, পরিচালক একেএম দেলোয়ার হোসেন এবং মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর উপস্থিত ছিলেন।
এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্বে) তৌহিদুর রহমান এফসিএস।
ব্যাংকের আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০২৫ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১১ শতাংশ বেশি। আর ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৬ শতাংশ বেশি। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০২ কোটি টাকা।
সভায় ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান বলেন, ব্যাংকিং খাত গতকয়েক বছরে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসবিএসি ব্যাংক সেসব সীমাবদ্ধতা মোকাবেলা তার আর্থিক সূচক স্থিতিশীল রাখতে পেরেছে। এ ব্যাংকে কখনো তারল্য সংকট হয়নি, এ জন্য গ্রাহক তার চাহিদামতো অর্থ উত্তোলন করতে পেরেছে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করায় আর্থিক সূচকে টেকসই অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করেন, এসবিএসি ব্যাংকে গ্রাহকের আমানত সম্পূর্ণ নিরাপদ, এ জন্য সবাইকে এসবিএসি ব্যাংকের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।