

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক চুক্তি নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর নন বলে যে অভিযোগ উঠেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই বোকারা যারা মনে করে আমি ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর ছিলাম না, যখন শেয়ারবাজার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তেলের দাম কমছে, তারা হয় হিংসুক, খারাপ মানুষ, অথবা নির্বোধ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন সমঝোতা নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। এমন সময়ে ট্রাম্প এই মন্তব্য করলেন।
মার্কিন কংগ্রেসের কিছু আইনপ্রণেতা চুক্তিটির সমালোচনা করে বলেছেন, এতে ইরানের পারমাণবিক কর্মসূচিকে যথেষ্ট কঠোরভাবে সীমিত করার ব্যবস্থা নেই। তাদের আশঙ্কা, চুক্তির ফলে তেহরান ভবিষ্যতেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ পেতে পারে।
সমালোচকদের মতে, চুক্তিতে ইরানের ওপর কিছু অর্থনৈতিক সুবিধা ও নিষেধাজ্ঞা শিথিলের পথ তৈরি হলেও পারমাণবিক কর্মসূচির দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এখনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেলেনি।
তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই সমঝোতা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে দূরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।
সূত্র : বিবিসি