

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৪ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক নেতা এ জেড এম রেজওয়ানুল হক। তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ (শাপলাকলি) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম কামরুজ্জামান ধানের শীষ নিয়ে পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট। সহকারী রিটার্নিং অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বলেন, দিনাজপুর-৫ আসনে বিএনপি, ১১ দলীয় জোট, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪১টি কেন্দ্রে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার প্রায় ৭২ শতাংশ । এ জেড এম রেজওয়ানুল হক পার্বতীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথম বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।