

ভোলায় মাছসহ তিনজন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। এ সময় তাদের কাছে থাকা একটি অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট, ট্রলিং জাল জব্দ করা হয়।
চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দিনগত রাতে উপজেলার দুলারহাট থানাধীন সুলতান ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (১৪ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটকরা হলেন- উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের মো. জামাল (৪০),আহমেদপুর ইউনিয়নের আবুল কালাম (৪০) ও ফরিদাবাদ গ্রামের মো. সিরাজ (৬০)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং জাল ও ৮০০ কেজি সামুদ্রিক মাছসহ ওই ৩ জন জেলেকে আটক করা হয়েছে। জব্দকৃত আর্টিসানাল ট্রলিংবোট, জাল, মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।