

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই যুবকের একটি পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে বলে জানিয়েছে পরিবার।
ভুক্তভোগীর বাবা মো. খলিল টঙ্গী পূর্ব থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলে মো. তৌহিদের (৩৫) সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগপত্রে বলা হয়েছে, তৌহিদ একটি টেলিভিশন কেনার পর এর মূল্য বাবদ কিছু টাকা বাকি ছিল। ওই টাকা পরিশোধের বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে গত ১৪ জুন ভোরে টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় তৌহিদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তার বাবা।
পরিবারের অভিযোগ, হামলাকারীরা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে তৌহিদকে দেয়ালের সঙ্গে চাপা দেয়। এতে তার ডান পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগীর পরিবারের দাবি, চিকিৎসকরা তার পায়ের নিচের অংশ কেটে ফেলতে বাধ্য হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ব্যাপারে ইয়াসিনের সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণীতভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আসলে ঘটনাটি সত্য নয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।