

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ট্রাক ও মুরগীর পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. মনির হোসেন।
নিহতরা হলেন— পিকআপ চালক মো. রাসেল মিয়া (২৭) ঢাকা জেলার সাভার উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার মো. আলমের ছেলে। অপরজন পিকআপের হেলপার মো. আরাফাত (২০) একই এলাকার মো. কাওছারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার দিকে ট্রাকের সঙ্গে মুরগীর পিকআপভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের দুজনের মুত্যু হয়। এ ঘটনায় পিকআপে থাকা আরও দুজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, নিহত ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ট্রাক ও পিকআপভ্যান জব্দ করা হলেও ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন।