

বর্ষার স্নিগ্ধতা, প্রকৃতির রূপবৈচিত্র্য আর মানুষের মনের নানা অনুভূতিকে ধারণ করে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আবৃত্তিসন্ধ্যা ‘বরিষ ধরা মাঝে’। সম্মিলিত আবৃত্তি জোটের আয়োজনে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশ নেন নগরীর বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিল্পী ও কর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ঐশী পাল। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক কবি ও সম্পাদক আলী প্রয়াস। শুভেচ্ছা ও সমাপনী বক্তব্যে সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি, বাচিকশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বর্ষা কেবল একটি ঋতুর নাম নয়, এটি অনুভূতি, সৌন্দর্য ও সৃজনশীলতার এক অনন্য উৎস। সেই আবহকে ধারণ করতেই এই আয়োজন।
বক্তারা বলেন, বর্ষার স্নিগ্ধ স্পর্শে যেমন প্রকৃতি নবজীবন লাভ করে, তেমনি মানুষের মনেও জাগে নানা অনুভব। কখনো সৃজনের প্রেরণা, কখনো বিষণ্নতার আবেশ—এই দুইয়ের মেলবন্ধনই বাংলা কবিতা ও গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তাই বর্ষাকে কেন্দ্র করে রচিত অসংখ্য কালজয়ী কবিতা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
‘বরিষ ধরা মাঝে’ শীর্ষক এই আবৃত্তিসন্ধ্যায় আবৃত্তি পরিবেশন করেন উদীরণ আবৃত্তি নীড়, স্পৃহা আবৃত্তি নীড়, স্বপ্নযাত্রী, বৈখরী আবৃত্তি আলয়, চট্টগ্রাম আবৃত্তি পরিষদ ও স্বদেশ আবৃত্তি সংগঠনের শিল্পীরা। দ্বৈত ও ত্রয়ী আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদ, দৃষ্টি চট্টগ্রাম, তারুণ্যের উচ্ছ্বাস, অঙ্গন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা।
এছাড়া বৃন্দ আবৃত্তির মাধ্যমে বর্ষার আবহ আরও প্রাণবন্ত করে তোলেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি এবং প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা। আবৃত্তির ছন্দ, কণ্ঠের আবেগ ও বর্ষা-ভাবনার সমন্বয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে কবিতা ও সংস্কৃতিপ্রেমীদের এক অনন্য মিলনমেলা।