

আদালতের আদেশ অমান্য করায় শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি এম আব্দুল হান্নানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ আগস্ট তাদের সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ-সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘মাদারীপুরের রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা দায়িত্ব পালনরত অবস্থায় অন্য একজন ব্যক্তিকে শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়ন-ব্যায়ন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে এক রিট পিটিশন দায়ের করেন। ওই রিট পিটিশনে স্থগিত আদেশ থাকার পরও শিক্ষা অধিদপ্তর এ আদেশ স্থগিত করে কোনো চিঠি পাঠাননি। ফলে আদালত অবমাননার আবেদন করেন অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা।’
তিনি আরও বলেন, ‘আদালত অবমাননার মামলার শুনানি নিয়ে হাইকোর্ট শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান ও প্রফেসর বি এম আব্দুল হান্নানকে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।’