

বিশ্বকাপের মঞ্চে আবারও জ্বলে উঠলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দিয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন তিনি। মেসির এই অনবদ্য পারফরম্যান্সে উচ্ছ্বসিত বাংলাদেশের শোবিজ তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকার প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন তারা, জানাচ্ছেন নিজেদের ভালোবাসা ও উচ্ছ্বাস।
ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত ঢালিউড অভিনেত্রী বুবলীও মেসির খেলায় মুগ্ধতা লুকাতে পারেননি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘এই লোকটা কীভাবে এত দারুণ খেলে? লিওনেল মেসি আসল জাদুকর। দল যার যার, কিন্তু মেসি সবার!’
অভিনেত্রী তানিয়া বৃষ্টি মেসির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘চ্যাম্পিয়নদের মতো মানসিকতা! অভিনন্দন টিম আর্জেন্টিনা।’ অন্যদিকে চিত্রলেখা গুহর ভাষায়, ‘ফুটবলের সমার্থক শব্দ লিওনেল মেসি। তুমি বিস্ময়।’
কেয়া পায়েল মেসির হ্যাটট্রিকের প্রশংসা করে লিখেছেন, `তিন তিনটি গোল। একজনই মহাতারকা। মাঠজুড়ে শুধু তার রাজত্ব। এই মানুষটা যখন একবার খেপে ওঠে, তখন তাকে থামানো অসম্ভব!'
আর্জেন্টিনার জয়কে ঘিরে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি লিখেছেন, ‘ওকে ঠিক আছে, শুভরাত্রি!’ অভিনেতা ইরফান সাজ্জাতের পোস্টেও ছিল রসিকতার ছোঁয়া। তিনি লেখেন, ‘বুঝলাম না, মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল। আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?’
জয়ের সকালে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের ছবি প্রকাশ করে অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘জয়ে রাঙানো এক চমৎকার সকাল, সবাইকে শুভ সকাল!’ অভিনেত্রী সালহা খানম নাদিয়া মেয়ে সানাকে নিয়ে ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘সানার জীবনের প্রথম দেখা আর্জেন্টিনার ম্যাচ। সেই ম্যাচেই আর্জেন্টিনার জয়, মেসির হ্যাটট্রিক। বিশ্বকাপ যাত্রার শুরুটা এর চেয়ে সুন্দর আর কী হতে পারে?’
মেসির ছবি শেয়ার করে অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘শুভ সকাল! চিরচেনা মেসি।’ আরেকটি স্ট্যাটাসে সংক্ষিপ্তভাবে জানান, ‘আজকে আর কোনো কথা হবে না।’ অভিনেত্রী মালাইকা চৌধুরী আর্জেন্টিনার জার্সি পরা নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল! বিশেষ করে আর্জেন্টিনা ভক্তদের জন্য।’ অভিনেতা খায়রুল বাসারের পোস্টেও ছিল খুনসুটির সুর— ‘প্রথম দিনেই হ্যাটট্রিক! রাগ করলা?’
বিশ্বকাপের এই ম্যাচটি মাঠে বসেই উপভোগ করেছেন তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফএস নাঈম (ফারুক সোবহান নাঈম)। প্রিয় দলের জয়ের পর নাদিয়া লিখেছেন, ‘আমরা জিতে গেলাম! টিম আর্জেন্টিনা... মাঠ কাঁপিয়ে গর্জে ওঠো!’ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরও উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার রাজকীয় শুরু!’ এ ছাড়া অভিনেতা সজল নূর ও অভিনেত্রী বর্ষাও আর্জেন্টিনা এবং মেসিকে অভিনন্দন জানিয়েছেন।