

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা মনোয়ারা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে তীব্র ব্যথা অনুভব করলে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে যশোরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী।
মায়ের অসুস্থতার বিষয়ে মনির খান বলেন, ‘আম্মা ২০ জুন সন্ধ্যার দিকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেছিলেন। এরপর আমার ছোট ভাইরা বাড়ির পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলেন, এখন যশোর নিয়ে যান। পরে সেখানে নিয়ে গেলে আইসিইউতে ভর্তি করা হয়।’
প্রথমদিকে পরিবারের সদস্যরা হার্ট অ্যাটাকের আশঙ্কা করলেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এটি হৃদ্রোগজনিত সমস্যা নয়। বরং শরীরের অভ্যন্তরীণ সংক্রমণের কারণেই এই ব্যথা দেখা দিতে পারে।
মনির খান বলেন, ‘আমার মনে হয়েছিল তিনি কার্ডিয়াক অ্যাটাক করেছেন। রিপোর্টগুলো পাওয়ার পর ডাক্তাররা বোর্ড বসিয়ে দেখেছেন, তিনি কার্ডিয়াক অ্যাটাক করেননি। শরীরের ভেতরে কোনো ইনফেকশনের কারণে ব্যথা উঠতে পারে। পাশাপাশি তার রক্তচাপও অনেক নিচে নেমে গিয়েছিল।’
মায়ের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে আশাবাদী এই গায়ক। তিনি কালবেলাকে বলেন, ‘সেখানে চিকিৎসার পরে আম্মার বেশ উন্নতি হয়েছে। আইসিইউ থেকে এখন বেডে নিয়ে আসা হয়েছে। অবজারভেশনে রয়েছেন তিনি। আশা করছি কাল রিলিজ দেয়া হবে। আম্মাকে বাসায় নিয়ে যেতে পারব'।