

টোটা রায়চৌধুরীর পরিবারে শোকের ছায়া। টালিউডের জনপ্রিয় এই অভিনেতার বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তবে পরিবারের ইচ্ছায় মৃত্যুর খবরটি এত দিন প্রকাশ করা হয়নি। প্রায় এক সপ্তাহ পর বিষয়টি প্রকাশ্যে এসেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই ছিল টোটা রায়চৌধুরীর জন্মদিন। জন্মদিনের ঠিক পরদিন, ১০ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী।
জানা গেছে, তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন শরীরে তেমন কোনো উপসর্গ না থাকলেও হঠাৎ তীব্র পিঠের ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ক্যানসার এরই মধ্যে শেষ পর্যায়ে পৌঁছে গেছে।
অভিনেতার স্ত্রী শর্মিলী রায়চৌধুরী ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘দিন তিনেক মাত্র কষ্ট পেয়েছেন বাবা। হাসপাতালে ভর্তি ছিলেন। গত সপ্তাহে ছিল টোটার জন্মদিন। আশীর্বাদ নিতে হাসপাতালে বাবার কাছে গিয়েছিলেন টোটা। তখন বাবার মুখ ঢাকা ছিল মাস্কে, নাক-মুখে ছিল নল। তাই কথা বলতে পারেননি। শুধু ছেলের গায়ে হাত বুলিয়ে আশীর্বাদ করেছিলেন। তার পরের দিনই সব শেষ।’
পিতৃবিয়োগে গভীরভাবে ভেঙে পড়েছেন টোটা রায়চৌধুরী। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এখন শোকাহত এবং কারও সঙ্গে কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। আগামী ২২ জুলাই তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।
ব্যক্তিগত জীবন সবসময়ই প্রচারের আলো থেকে দূরে রাখেন টোটা রায়চৌধুরী। সেই কারণেই বাবার মৃত্যুর খবরও কয়েক দিন পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খবরটি প্রকাশ্যে আসার পর অভিনেতার প্রতি সমবেদনা জানিয়েছেন তার ভক্ত-অনুরাগী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।