

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) আসন্ন নির্বাচনকে ‘একতরফা‘ দাবি করে এটি বন্ধের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদপ্রার্থী ও বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। একইসঙ্গে অবশিষ্ট জেলা কমিটিগুলো গঠন হওয়ার আগপর্যন্ত অ্যাডহক কমিটি দিয়ে অ্যাসোসিয়েশনের কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন তিনি। মিল্টন বগুড়া জেলা বিএফএরও সভাপতির দায়িত্বে রয়েছেন।
সোমবার (২৮ জুন) দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিএফএর বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোরশেদ মিল্টন বলেন, ‘এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি একটি পাতানো নির্বাচন। বিগত সময়ে যারা আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন এবং আওয়ামী লীগের দোসর তাদের বিজয়ী করতে একতরফাভাবে কেবল একটি পক্ষকে মনোনয়নপত্র কিনতে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে দুজন ছাড়া আর কেউ মনোনয়ন সংগ্রহ করতে পারেনি। এ কারণে এই নির্বাচন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাই।’
এসময় আসন্ন নির্বাচনে একটি পক্ষকে বিজয়ী করার প্রচেষ্টায় উদ্বেগ জানিয়ে বক্তারা জানান, পাতানো নির্বাচনের মাধ্যমে একটি মহল বিএফএকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে দেশের কৃষকদের আবারও সার সিন্ডিকেটের কাছে জিম্মি করার অপচেষ্টা চলছে। সেই সঙ্গে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলেন তারা। পাশাপাশি তারা অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া বিএফএ ২০২৫ নীতিমালা বাতিল করে আগের নীতি চালু করার দাবি জানিয়েছেন।
বিএফএর পরিচালক (অর্থ) পদপ্রার্থী ও বগুড়া জেলা বিএফএর সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনাম বলেন, ‘আগামী ১১ জুলাই অ্যাসোসিয়েশনের যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে আমরা প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করি না। কারণ একটি সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশে প্রায় ৩০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার প্রক্রিয়া চালানো হয়েছে। বাস্তবে আমাদের দুজন (চেয়ারম্যান ও পরিচালক) ব্যতীত মনোনয়নপত্রই কিনতে দেওয়া হয়নি। সারা দেশের কমিটিগুলোর আগে নির্বাচন না দেওয়ার দাবি জানাই।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএফএর সাবেক চেয়ারম্যান অলিউর রহমান, সাবেক সহসভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি আসলাম মিয়া, বিএফএর সাবেক সহসভাপতি আব্দুল হালিম শিকদার, খুলনা বিএফএর সভাপতি শাহাদাৎ হোসেন বাদশা, সাতক্ষীরা বিএফএর সভাপতি শফিকুল ইসলাম শফিক, নওগাঁ জেলা বিএফএর সভাপতি মিজানুর রহমান মিজান, রংপুর জেলা বিএফএর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।