

কোনো মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তিরা নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনা ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতেই নির্ধারিত হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই দেশের অপরিকল্পিত নগরায়ণের অন্যতম কারণ।
শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীতে ‘প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা না মেনেই সড়ক ও অন্যান্য অবকাঠামোকে ঘিরে আবাসন গড়ে উঠেছে। ফলে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা ও নগরবাসীর চাহিদা বিবেচনায় নিয়ে সরকার ছোট ছোট বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদি, সমন্বিত ও পরিকল্পিত নগর উন্নয়নের দিকে এগোচ্ছে।
সবাইকে বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।
নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার এ খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে নতুন বসতবাড়ির নকশায় সোলার বিদ্যুৎ ব্যবস্থা অন্তর্ভুক্ত করার জন্য প্রকৌশলীদের নির্দেশনা দেওয়া হয়েছে।