

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রাশেদুল হক। তাকে গ্রেড-২ মর্যাদায় ১ (এক) বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ সংক্রান্ত নির্দেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি আদেশ অনুযায়ী মোহাম্মদ রাশেদুল হককে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং এর অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
জানা যায়, বোয়েসেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক তৎপরতায় পরিচিত মুখ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা এবং আন্তর্জাতিক জনমত গঠনে তার সক্রিয় ভূমিকা রয়েছে। বিশেষ করে, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আন্তর্জাতিক ফোরামে জোর তৎপরতা চালান। তার উদ্যোগেই প্রথম অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ওই নির্বাচনের বিরুদ্ধে মোশন উত্থাপন ও পাস করানো হয়।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম, কূটনৈতিক মিশন ও রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন।
আরও জানা যায়, রাষ্ট্রীয় একমাত্র জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের প্রধান হিসেবে তার এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, রাশেদুল হকের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও যোগাযোগের ফলে অস্ট্রেলিয়াসহ ইউরোপ ও উন্নত দেশগুলোয় দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
প্রজ্ঞাপনটির প্রতিলিপি এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।