

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর ককরোচ জনতা পার্টির নেতারা জানিয়েছেন, তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। এই দাবি থেকে তারা সরে আসবেন না ও কোনো আপসও করবেন না। খবর দ্য হিন্দুর।
প্রতিবেদনে বলা হয়, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর যে সমস্ত শিক্ষার্থী আত্মহত্যা করেছিল, তাদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়েছে। একইসঙ্গে আন্দোনের সঙ্গে যুক্ত যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাও প্রত্যাহার আবেদন করা হয়েছে সরকারের কাছে।
শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সরকারের দুই শীর্ষ মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি। শনিবার দুই পক্ষের মধ্যে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা।
সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণ ছাড়া অন্য কিছু মেনে নেওয়া হবে না।
তিনি দাবি করেন অন্য দুটি শর্ত মেনে নিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে শনিবার জানানো হবে বলে মন্ত্রীরা তাদের জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সরকার কাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করব সরকার তাকে সরিয়ে দেবে।
সিজেপির সঙ্গে দ্বিতীয় দফায় দুই ঘণ্টার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, আমরা তাদের দাবিগুলো শুনেছি এবং জানিয়েছি যে আমরা এই নিয়ে আবার কথা বলব।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপি মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেন যে, দিল্লি পুলিশ যন্তর মন্তরের আশেপাশে বিক্ষোভকারী, স্বেচ্ছাসেবক এবং এমনকি আইনজীবীদেরও আটক করছে।
তিনি বলেন, এই বিষয়টা সরকারের কাছে উত্থাপন করা হলে, সরকার প্রথমে অভিযোগ অস্বীকার করলেও প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছে যে, এমন ঘটে থাকলে তা বন্ধ করার জন্য দিল্লি পুলিশকে যথাযথ নির্দেশ দেওয়া হবে।