

ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে গাজার বেইত হানুনের মতো সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বেন গভির বলেন, পশ্চিম তীরে যেসব ফিলিস্তিনি ইসরায়েলিদের ওপর হামলা চালায়, তাদের শহর ও গ্রামকে গাজার বেইত হানুনের মতোই মোকাবিলা করা উচিত।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় জড়িত ফিলিস্তিনিদের এবং তাদের সমর্থকদের বাড়িঘর ধ্বংসের নির্দেশ দিতে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি দাবি জানাবেন।
বেন গভিরের ভাষ্য, প্রত্যেক নিহত ইহুদির বিনিময়ে শত্রুপক্ষকে জমি ও ঘরবাড়ি হারানোর মূল্য দিতে হবে।
এর আগে শুক্রবার উত্তর পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তেল শহরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযানে চার ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে বন্দুক হামলায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জন নিহত হয়েছেন বসতি স্থাপনকারীদের হামলায়।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান, গ্রেপ্তার ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সময় পশ্চিম তীরে ১,১৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ২৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।