

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬৫০ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন ও ২ কেজি ৮৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু হয়েছে।