

রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতনের শিকার হয়ে নিহত আট বছরের শিশু রামিসার অসুস্থ বাবা হান্নান মোল্লার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (১ জুন) বিকেলে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন হান্নান মোল্লাকে দেখতে যান এবং তার প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।
পরিদর্শন শেষে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন জানান, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর পৈশাচিকভাবে হত্যা করা হয়। ওই দিন সকালেই জামায়াতের আমির পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েই মহানগরের নেতারা রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন এবং আমিরের সান্ত্বনা বার্তা পৌঁছে দেন।
সেলিম উদ্দিন আরও বলেন, পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনের ব্যস্ততার মধ্যেও জামায়াত আমির নিয়মিত রামিসার পরিবারের খোঁজখবর নিয়েছেন। হজ থেকে ফিরেই তিনি সরাসরি রামিসার বাসায় যেতে চেয়েছিলেন। কিন্তু রামিসার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন জানতে পেরে আমির সরাসরি তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন।
হাসপাতালে অবস্থানকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রামিসার বাবার চিকিৎসার খোঁজ নেন এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।