

জীবনের বাঁকে বাঁকে আমরা নানা চড়াই-উতরাই ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হই। অনেক সময় দেখা যায়, সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা এবং সম্ভাব্য সব কার্যকর পন্থা অবলম্বন করার পরও কাঙ্ক্ষিত কাজটি সম্পন্ন হচ্ছে না বা কাজে অনেক বেশি বিলম্ব হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের মনে হতাশা দানা বাঁধতে পারে। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে, আল্লাহ যা করেন তার মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত থাকে। হয়তো কোনো একটি বিশেষ উদ্দেশ্যে আল্লাহ কাজটি পিছিয়ে দিচ্ছেন যা এই মুহূর্তে আমাদের সাধারণ বুদ্ধিতে বুঝে আসছে না। তাই বিচলিত না হয়ে শান্ত চিত্তে আল্লাহর ওপর শতভাগ তাওয়াক্কুল বা ভরসা রেখে তাঁরই দরবারে ধরণা দেওয়া প্রয়োজন।
পবিত্র কোরআন-হাদিসের আলোকে কাঙ্ক্ষিত কাজ সহজ হওয়ার জন্য বিশেষ ৪টি আমল নিচে তুলে ধরা হলো:
১. সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা: যেকোনো কঠিন কাজে আল্লাহর সাহায্য পাওয়ার অন্যতম মাধ্যম হলো ধৈর্য এবং নামাজ। আল্লাহ তায়ালা নিজেই ইরশাদ করেছেন, ‘হে মুমিনগণ! সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ করো। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা: ১৫৩)
২. ইস্তেগফার ও দরূদ শরিফ পাঠ: অধিক পরিমাণে ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা) এবং নবী করীম (সা.)-এর ওপর দরূদ শরিফ পাঠ করা কঠিন কাজ সহজ হওয়ার মহৌষধ। বিশেষ করে যখন কোনো কাজ আটকে যায় বা পাহাড়সম সমস্যার সৃষ্টি হয়, তখন এই আমলটি অত্যন্ত কার্যকর বলে পরীক্ষিত।
৩. ‘ইসমে আজম’-এর মাধ্যমে দোয়া: আনাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবী করীম (সা.)-এর উপস্থিতিতে এক ব্যক্তি নামাজের পর এই দোয়াটি পাঠ করেন: اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلٰهَ إِلَاّ أَنْتَ وَحْدَكَ لَا شَرِিকَ لَكَ، الْمَنَّانُ، يَا بَدِيعَ السَّمٰوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَামِ، يَا حَيُّ يَا قَيُّومُ.
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলা-হা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্না-নু, ইয়া বাদী‘আস্ সামা-ওয়া-তি ওয়াল-আরদ্বি, ইয়া-যালজালা-লি ওয়াল-ইকরা-ম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যূমু।
রাসুল (সা.) এটি শুনে বললেন, এই ব্যক্তি আল্লাহর ‘ইসমে আজম’ বা মহান নামের মাধ্যমে দোয়া করেছে। আর কেউ যদি এই নামে দোয়া করে, তবে আল্লাহ তা কবুল করেন এবং চাইলে তা দান করেন। আবু দাউদ: ১৪৯৫, তিরমিজি: ৩৫৪৪, ইবনে মাজাহ: ৩৮৫৮, সুনানে নাসায়ী: ১২৯৯)
৪. কাজ সহজ করার বিশেষ দোয়া: কঠিন কাজকে সহজ করতে আল্লাহর রাসুল (সা.) একটি অত্যন্ত শক্তিশালী দোয়া শিখিয়েছেন: اللّٰهُمَّ لَا سَهْلَ إِلَاّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً.
উচ্চারণ : আল্লা-হুম্মা লা সাহ্লা ইল্লা মা জা‘আলতাহু সাহ্লান, ওয়া আনতা তাজ্‘আলুল হাযনা ইযা শি’তা সাহ্লান)।
অর্থ: ‘হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ব্যতীত কোনো কিছুই সহজ নয়। আর আপনি যখন ইচ্ছা করেন তখন কঠিন বিষয়ও সহজ করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান: ২৪২৭, ইবনুস-সুন্নি: ৩৫১)
আল্লামা হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, এটি সহিহ হাদিস। এ ছাড়া আব্দুল কাদের আরনাউত (রহ.) ইমাম নববীর ‘আযকার’ কিতাবের তাখরিজের মধ্যে সহিহ বলেছেন (পৃ. ১০৬)
পরিশেষে বলা যায়, আমাদের চেষ্টা ও পরিশ্রমের সাথে যদি এই আধ্যাত্মিক আমলগুলোর সমন্বয় ঘটে, তবে ইনশাআল্লাহ যেকোনো কঠিন কাজ আল্লাহর রহমতে সহজ হয়ে যাবে। আমাদের কর্তব্য হলো ফলাফলের জন্য অস্থির না হয়ে আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা।