ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

মেসওয়াক করার উপকারিতা
নামাজের আগে অজুখানায় দাঁড়িয়ে মিসওয়াক করছেন এক তরুণ | ছবি: কালবেলা

ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়; এটি পরিচ্ছন্নতা, সৌন্দর্য, পরিপাট্য ও উত্তম রুচিরও ধর্ম। একজন মুমিনের অন্তর যেমন ঈমান, তাকওয়া ও ইখলাসে পরিপূর্ণ থাকবে, তেমনি তার বাহ্যিক জীবনও হবে পরিচ্ছন্ন, পবিত্র ও সুশৃঙ্খল। এ কারণেই ইসলামে এমন কিছু সুন্নতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেগুলো একদিকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করে, অন্যদিকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনেরও মাধ্যম হয়।

মিসওয়াক তেমনই একটি গুরুত্বপূর্ণ সুন্নত। এটি শুধু দাঁত পরিষ্কার করার উপায় নয়; বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল, ইসলামের স্বভাবজাত সৌন্দর্যের প্রতীক এবং আল্লাহর নৈকট্য লাভের একটি সহজ মাধ্যম। হাদিসের ভাষ্য, সাহাবায়ে কেরামের বর্ণনা এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন পর্যালোচনা করলে স্পষ্ট হয়, মিসওয়াকের গুরুত্ব এতটাই বেশি ছিল যে তিনি জীবনের শেষ মুহূর্তেও এ সুন্নত থেকে বিচ্ছিন্ন হননি।

আল্লাহর সন্তুষ্টির মাধ্যম

মিসওয়াক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একটি সুন্নত। এটি আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘মিসওয়াক মুখের পবিত্রতা এবং রবের সন্তুষ্টির মাধ্যম।’ (সুনানে ইবনে মাজাহ: ২৮৯, সহিহ ইবনে খুযাইমা: ১৩৫, সহিহ ইবনে হিব্বান: ১০৬৭)

এই সংক্ষিপ্ত হাদিসেই মিসওয়াকের দুইটি বড় উপকারিতা উল্লেখ করা হয়েছে। একটি বাহ্যিক, অর্থাৎ মুখের পরিচ্ছন্নতা; অপরটি আধ্যাত্মিক, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি।

ইসলামের স্বভাবজাত সৌন্দর্যের পরিচয়

মিসওয়াক ইসলামের উন্নত রুচি ও পরিচ্ছন্নতার পরিচায়ক। একজন মুমিনের ভেতর যেমন কলুষতামুক্ত থাকবে, তেমনি তার বাহিরও হবে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিপাটি। ইসলামে পাক-পবিত্রতা ও পরিচ্ছন্নতা মুমিনের স্বভাবজাত বৈশিষ্ট্যের অংশ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘দশটি বিষয় স্বভাবজাত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। মোচ খাটো করা, দাড়ি লম্বা রাখা, মিসওয়াক করা...’। (সহিহ মুসলিম: ২৬১)

এই হাদিসে মিসওয়াককে মানুষের ফিতরাত বা স্বভাবজাত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বভাবজাত বিষয় এমনই, যা মানুষের জীবনযাপনের সঙ্গে মিশে থাকে এবং নিয়মিত চর্চার বিষয় হয়ে ওঠে।

ছোট আমল, কিন্তু প্রতিদান সবচেয়ে বড়

সাধারণভাবে মিসওয়াককে ছোট একটি আমল মনে হতে পারে। কিন্তু এর প্রতিদান অত্যন্ত বড়। কারণ এর মাধ্যমে অর্জিত হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় বিষয়’ (সুরা তাওবা: ৭২)।

একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহর সন্তুষ্টি। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার দুনিয়া ও আখেরাত উভয়ই সফল। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, এত সহজ ও মূল্যবান সুন্নতটি আমাদের সমাজে অনেকটাই অবহেলিত। অনেক নামাযি জানেনই না যে অজুর সময় মিসওয়াক করা গুরুত্বপূর্ণ সুন্নত। আবার অনেকে জানলেও নিয়মিত আমল করেন না।

রাসুল (সা.)-কে মিসওয়াকের প্রতি কতটা তাকিদ করা হয়েছিল?

ওয়াসিলা ইবনুল আসকা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে মিসওয়াকের আদেশ দেওয়া হয়েছে। আমার আশঙ্কা হতে লাগল, না জানি তা আমার ওপর ফরজ করে দেওয়া হয়।’ (মুসনাদে আহমাদ: ১৬০০৭)

অন্য বর্ণনায় তিনি বলেন, ‘আমাকে মিসওয়াকের আদেশ করা হয়েছে। আমার ধারণা হতে লাগল, এ বিষয়ে আমার ওপর কুরআন অথবা ওহি নাজিল হবে।’ (মুসনাদে আহমাদ: ৩১২২)

এই বর্ণনাগুলো থেকেই বোঝা যায়, মিসওয়াকের বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা গুরুত্বসহকারে নির্দেশ দেওয়া হয়েছিল।

ঘরে প্রবেশের প্রথম আমল ছিল মিসওয়াক

হজরত আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, প্রথমেই মিসওয়াক করতেন।’ (সহিহ মুসলিম: ২৫৩)

শুরাইহ (রহ.) আয়েশা (রা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে প্রথমে কী করতেন? তিনি একই উত্তর দেন—‘প্রথমেই মিসওয়াক করতেন।’ (সহিহ মুসলিম: ২৫৩)

শয্যার পাশেও থাকত মিসওয়াক

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় মিসওয়াক পাশে রাখতেন। ঘুম থেকে জেগে প্রথমেই মিসওয়াক করতেন।’ (মুসনাদে আহমাদ: ৫৯৬৯)

এ থেকে বোঝা যায়, মিসওয়াক তাঁর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল।

অজুর আগেও নিয়মিত মিসওয়াক

হজরত আয়েশা (রা.) বলেন, ‘দিনে বা রাতে যখনই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগতেন, অজুর আগে মিসওয়াক করতেন।’ (মুসনাদে আহমাদ: ২৪৯০০)

মৃত্যুর শেষ মুহূর্তেও মিসওয়াক

হজরত আয়েশা (রা.)-এর দীর্ঘ বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকালের পূর্বমুহূর্তে অসুস্থ ছিলেন, তখন আবদুর রহমান ইবনে আবু বকর (রা.)-এর হাতে একটি তাজা মিসওয়াক দেখে তিনি সেদিকে তাকান। আয়েশা (রা.) বুঝতে পারেন, তিনি মিসওয়াক করতে চান। তখন তিনি মিসওয়াকটি নরম করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। তিনি সুন্দরভাবে মিসওয়াক করেন। এরপর অল্প সময়ের মধ্যেই তাঁর ইন্তিকাল হয়। (সহিহ বোখারি: ৪৪৫১)

এই ঘটনা প্রমাণ করে, মৃত্যুর শেষ মুহূর্তেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সুন্নতের প্রতি কতটা যত্নশীল ছিলেন। একজন নবীপ্রেমিকের জন্য এর চেয়ে বড় শিক্ষা আর কী হতে পারে?

শুধু অজু ও নামাজের সঙ্গে সীমাবদ্ধ নয়

আমাদের সমাজে অনেকেই মনে করেন, মিসওয়াক কেবল অজু বা নামাজের সময়ের আমল। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে বোঝা যায়, তিনি বিভিন্ন সময় ও বিভিন্ন উপলক্ষে মিসওয়াক করতেন। অর্থাৎ এটি ছিল তাঁর সার্বক্ষণিক অভ্যাস।

জুমার দিনেও মিসওয়াকের বিশেষ গুরুত্ব

জুমার দিন গোসল করা সুন্নত—এ কথা প্রায় সবাই জানেন। কিন্তু একই হাদিসে মিসওয়াকের কথাও এসেছে।

আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির গোসল করা, মিসওয়াক করা এবং সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা কর্তব্য’ (সহিহ মুসলিম: ১৮৪৫)। অর্থাৎ জুমার দিনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশও হলো মিসওয়াক।

অজুর সময় মিসওয়াকের বিশেষ গুরুত্ব

বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন সে তার রবের সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়। ফেরেশতারাও জামাতে তার সঙ্গে কাতারবন্দি হয়ে দাঁড়ান এবং তার তিলাওয়াত শ্রবণ করেন। তাই আল্লাহর সামনে দাঁড়ানোর আগে সর্বোচ্চ পরিচ্ছন্নতা অর্জন করা ইসলামের শিক্ষা।

এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার উম্মতের ওপর কষ্টের আশঙ্কা না থাকলে আমি প্রত্যেক অজুর সময় মিসওয়াককে আবশ্যক করে দিতাম’ (মুসনাদে আহমাদ: ৯৯২৮)। অন্য বর্ণনায় এসেছে, ‘আমি তাদের প্রত্যেক নামাযের সময় মিসওয়াকের নির্দেশ দিতাম।’ (সহিহ বোখারি: ৮৮৭)

এই হাদিসগুলো থেকে স্পষ্ট হয়, অজুর সময় মিসওয়াক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত।

উত্তম অজুর অবিচ্ছেদ্য অনুষঙ্গ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে অজু করল, তার শরীর থেকে গুনাহ বের হয়ে যায়। এমনকি তার নখের নিচ থেকেও গুনাহ বের হয়ে যায়।’ (সহিহ মুসলিম: ২৪৫)

উত্তম অজু তখনই হবে, যখন অজুর সুন্নতগুলো যথাযথভাবে আদায় করা হবে। মিসওয়াক অজুর অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত। তাই উত্তম অজু অর্জনের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। আমরা অজুর সময় কুলি বা নাকে পানি দেওয়া ছুটে গেলে উদ্বিগ্ন হই। কিন্তু মিসওয়াক নিয়মিত ছুটে যাচ্ছে কি না, সে প্রশ্ন অনেক সময়ই নিজেদের কাছে করি না। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও হাদিসের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, এই অবহেলার সংশোধন প্রয়োজন।

মিসওয়াক একটি ছোট আমল হলেও এর শিক্ষা, মর্যাদা ও প্রতিদান অত্যন্ত বড়। এটি পরিচ্ছন্নতার প্রতীক, সুন্নতের অনুসরণ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম এবং একজন মুমিনের দৈনন্দিন জীবনের অংশ হওয়া উচিত। তাই ব্যক্তি, পরিবার ও সমাজে মিসওয়াকের সুন্নতকে পুনরুজ্জীবিত করা আজ সময়ের দাবি।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১০

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১১

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১২

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৩

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৪

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৫

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৬

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৭

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৮

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৯

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

২০
X